বিএনপির নির্বাহী কমিটির ক্ষমতা কমেছে, বেড়েছে চেয়ারপারসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্রে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষমতা কমানো হয়েছে। বাড়ানো হয়েছে চেয়ারপারসনের ক্ষমতা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে বিএনপি। নিবন্ধনের শর্ত পূরণসহ নানা কারণে ১৬ বছরে দলের গঠনতন্ত্রে ৪৪টি সংশোধনী এনেছে বিএনপি।এবারের সংশোধনীতে স্থায়ী ও নির্বাহী কমিটির শূন্যপদ পূরণের ক্ষমতা দেওয়া হয়েছে চেয়ারপারসনকে। স্থায়ী কমিটির সভা মাসে একবারের জায়গায় তিন মাসে একবার হবে। সৃষ্টি করা হয়েছে চেয়ারপারসনের বিশেষ সহকারীর পদ। আর কাউন্সিল হবে দুই বছরের পরিবর্তে প্রতি তিন বছর পর। গঠনতন্ত্রের ধারা সংশোধন করে দণ্ডপ্রাপ্তদের দলের সদস্য হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। গতকাল বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনে গিয়ে দলের গঠনতন্ত্র জমা দেয়। এরপর তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাত্ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাঁর সঙ্গে ছিলেন যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ ও রুহুল কবির রিজভী আহমেদ। কমেছে নির্বাহী কমিটির ক্ষমতা, বেড়েছে চেয়ারপারসনের: সংশোধিত গঠনতন্ত্রে নির্বাহী কমিটির ক্ষমতা কমানো হয়েছে। গঠনতন্ত্রের ৬(১১)(খ) ধারা সংশোধন করে বলা হয়েছে, প্রয়োজনবোধে কমিটি কোনো কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে। আগে এই ধারায় সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ছিল কমিটির হাতে। আগের গঠনতন্ত্রে তিন মাসে নির্বাহী কমিটির একটি সভা করার কথা ছিল। এবার তা সংশোধন করে এ সময় ছয় মাস করা হয়েছে। অন্যদিকে চেয়ারপারসনের ক্ষমতা বাড়ানো হয়েছে। এটা করতে গিয়ে গঠনতন্ত্রের দুটি ধারা সংশোধন ও একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। গঠনতন্ত্রের ৮(ক) ধারায় ‘নতুন চেয়ারপারসন দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান চেয়ারপারসন স্বপদে থাকবেন’—নতুন এই বাক্য সংযুক্ত করা হয়েছে। একই ধারায় নতুন করে বলা হয়েছে, চেয়ারপারসন স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন বলে গণ্য হবে। এ ছাড়া নতুন করে ৮(খ)(৬) ধারা সংযুক্ত করে সেখানে স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির শূন্যপদ পূরণের ক্ষমতাও চেয়ারপারসনকে দেওয়া হয়েছে। আগে এই ক্ষমতা এককভাবে চেয়ারপারসনের ওপর ছিল না। তবে আগের মতোই বিএনপির চেয়ারপারসনকে অপসারণ করতে পারবেন দলের কাউন্সিলররা। নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, চেয়ারপারসনকে অপসারণের বিষয়টি আগে ৮(গ) ধারায় ছিল। এখন তা ৮(ঘ)-তে প্রতিস্থাপন করা হয়েছে। আর ৮(গ)-তে সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ ও তাঁর কার্যাবলী অন্তর্ভুক্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ পরিবর্তন: দলের স্থায়ী কমিটির সভা মাসে একটির পরিবর্তে তিন মাসে একটি হবে। সৃষ্টি করা হয়েছে চেয়ারপারসনের বিশেষ সহকারীর পদ। তা ছাড়া কাউন্সিল হবে দুই বছরের পরিবর্তে প্রতি তিন বছরে।মহানগর ও জেলা কমিটিতে ১১ জন, উপজেলা-থানা-পৌর কমিটিতে নয়জন, ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটিতে সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠনের কথা সংশোধিত গঠনতন্ত্রে বলা হয়েছে। এ জন্য ৯(ঙ) ধারা সংযোজন করেছে দলটি। একাধিক পদে এক ব্যক্তি—এমনটি নিরুত্সাহিত করতে গঠনতন্ত্রের ৬(১১) ধারায় (ঙ) উপধারা যুক্ত করা হয়েছে। এ ছাড়া ৫(গ) ধারায় বলা হয়েছে, কোনো সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পর ওই ব্যক্তি চেয়ারপারসন বরাবর আপিল করতে পারবেন। সদস্য ফি ও বার্ষিক চাঁদা বৃদ্ধি, বিভিন্ন স্তরের কমিটির সদস্যসংখ্যা বৃদ্ধি, জাতীয় নির্বাহী কমিটিতে ৩৯টি পদ সৃষ্টি, স্থায়ী কমিটির সদস্যসংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ১৯ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের সদস্য হতে বাধা নেই: বিএনপির গঠনতন্ত্রের ৭(ক) ধারায় ছিল, ফৌজদারি আইনে দণ্ডপ্রাপ্তরা বিএনপির সদস্য হতে পারবেন না। কিন্তু সংশোধিত গঠনতন্ত্র থেকে এই ধারাটি বিলুপ্ত করা হয়েছে। এ বিষয়ে নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির অনেক নেতা-কর্মী বিশেষ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। ফলে এই ধারার কারণে বিভ্রান্তি তৈরি হতে পারে ভেবে তা বাতিল করা হয়েছে। তবে তিনি দাবি করেন, বিএনপির গঠনতন্ত্রে সমাজবিরোধী ও গণবিরোধী ব্যক্তির সদস্য হওয়ার ক্ষেত্রে বাধা আছে। নিবন্ধনের শর্ত পূরণ করতে পাঁচটি ধারা সংশোধন: দল নিবন্ধনের আইনি বাধ্যবাধকতার কারণে সহযোগী সংগঠনের ধারায় ছাত্রদল ও শ্রমিক দল সম্পর্কে বলা হয়েছে, এই দুটি সংগঠন তাদের নিজেদের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে। প্রবাসী সংগঠন-সংক্রান্ত ধারাটি পরিবর্তন করে একে ‘প্রবাসে সংগঠন’ বলে উল্লেখ করা হয়েছে। গঠনতন্ত্রের ৬(খ)(১৫) ধারা বাতিল করে সেখানে প্রবাসে সংগঠন নামে একটি ধারা প্রতিস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যাঁরা বিএনপির নীতি, আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচিতে বিশ্বাস করেন, তাঁরা যে দেশে স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাস করেন, সে দেশের প্রচলিত আইনানুযায়ী সংগঠন পরিচালনা করতে পারবেন।’তৃণমূল থেকে প্রার্থী মনোনয়নের জন্য ৬(খ)(১৩) ধারার শেষে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘তবে পার্লামেন্টারি বোর্ড সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা অথবা জেলা কমিটি (যদি থাকে) কর্তৃক প্রণীত প্রার্থী প্যানেল থেকে চূড়ান্ত প্রার্থী মনোনীত করবে।’গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ছাত্রদল ও শ্রমিক দলের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক থাকছে না। তবে আদর্শিক সম্পর্ক থাকবে। তিনি বলেন, এখন থেকে প্রবাসে দলের কোনো শাখা থাকবে না। তবে সেখানে যাঁরা বিএনপির আদর্শ মেনে সংগঠন করবেন তাদের সঙ্গে আদর্শিক সম্পর্ক থাকবে।তা ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ২০২০ সালের মধ্যে প্রত্যেক কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য ও সব পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি দলের গঠনতন্ত্রে সংযুক্ত করা হয়েছে। ৩৭টি দল জমা দিয়েছে: নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৭টি দল স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং ফ্রিডম পার্টি এখনো গঠনতন্ত্র জমা দেয়নি। ২৪ জানুয়ারি রোববার গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ দিন।প্রধান প্রধান রাজনৈতিক দলসহ অধিকাংশ দল কমিশনে গঠনতন্ত্র জমা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। গতকাল সাংবাদিকদের বলেন, আইন মেনে প্রায় সব রাজনৈতিক দল কমিশনে গঠনতন্ত্র জমা দিয়েছে। সিইসি বলেন, সব দলের গঠনতন্ত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। আরপিওর সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট দলকে চিঠি দেওয়া হবে।