বিএনপির নীরবতা বিষয়ে হাসিনার প্রতিক্রিয়া আগামীকাল: সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকরে বিএনপি নিশ্চুপ থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাবেন। কাল শনিবার দলের বর্ধিত সভায় তিনি এ নিয়ে আলোচনাও করবেন।বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো এবং বঙ্গবন্ধুর স্বজনেরা আজ শুক্রবার বনানী গোরস্থানে শ্রদ্ধা জানাতে যান। সৈয়দ আশরাফ সেখানে এ কথা বলেন।রায় কার্যকরে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানানোর বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘তারা তো বলেছে যে মন্তব্য দেবে, দেখা যাক। আজকে আমরা এ বিষয়ে আলোচনা করতে চাই না। কারণ, এ ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা আগামীকালের ভাষণেই বলবেন।’দলের বর্ধিত সভার প্রস্তুতি দেখতে সৈয়দ আশরাফ আজ দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণভবনে যান। আগামীকালের এ সভায় দলের আট হাজার নেতা-কর্মী যোগ দেবেন। সৈয়দ আশরাফ জানান, এতে গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।সৈয়দ আশরাফ বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে নতুন নেতৃত্ব নিয়ে আসব। তারা নতুন ধারণা বা আইডিয়া নিয়ে আসবে এবং আওয়ামী লীগের ভেতরে, নেতা-কর্মীদের ভেতরে একটা কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। মানুষের কাছে আবার নতুন করে যাওয়ার সুযোগ হবে। কারণ, বাংলাদেশকে বদলে দেওয়ার জন্যই তো বর্তমান আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে বদলে দিতে হলে নতুন প্রাণের যে প্রয়োজন, সে প্রাণের সঞ্চালন আমরা ঘটাতে চাই।’বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে দলের সদস্য সংগ্রহ অভিযানও শুরু হবে।