বিএনপির নেতা আলতাফ ও হাফিজ জামিনে মুক্ত
৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন গ্রেপ্তার হওয়া বিএনপির দুই সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহম্মদ আরও একটি মামলায় জামিন পেয়েছেন। বাস ভাঙচুর, পোড়ানো, যাত্রীদের টাকা ও মালামাল চুরির অভিযোগে করা মামলায় তাঁরা জামিন পেলেন। ফলে তাঁরা মুক্তি পেয়েছেন।রিমান্ডে নেওয়ার যৌক্তিক কোনো কারণ দেখাতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায় আদালত তাঁদের জামিনে মুক্তির আদেশ দেন। আজ বুধবার ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া জামিনের এ আদেশ দেন।আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন চেয়ে আদালতে বলেন, এই মামলায় আসামিদের রিমান্ডে নেওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। শুধু রাজনৈতিক ও হরতালের কর্মসূচি সফলতার ক্ষেত্রে বাধা সৃষ্টির জন্যই তাঁদের গ্রেপ্তার করে রিমান্ডের নেওয়ার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ডে নেওয়ার মতো কোনো কারণ আদালতে উপস্থিত করতে পারেনি।রাষ্ট্রপক্ষে সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) নওয়াজেশ আলী আদালতে বলেন, হরতালের সমর্থনে আসামিদের নেতৃত্বে অজ্ঞাতনামা লোকজন গাড়ি ভাঙচুর, পোড়ানো, যাত্রীদের টাকা ও মালামাল চুরি করে নিয়ে যান। অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।রিমান্ডের পক্ষে মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) শুনানি করেন।শুনানি শেষে আদালতে রিমান্ডের আবেদন নাকচ করে আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহম্মদকে জামিনের আদেশ দেন।উল্লেখ্য, বিএনপি ও জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন ১২ জুন দুপুরে মহাখালী থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে একটি মামলায় হরতালের পরের দিন তাঁদের জামিনের আদেশ দেন আদালত।