বিএনপির নেতা ইলিয়াস আলীসহ ৬৬ জনের আগাম জামিন
১৮ ডিসেম্বরের সহিংস ঘটনাকে কেন্দ্র করে সিলেটে করা পৃথক পাঁচটি মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এসব মামলা ও সিরাজগঞ্জে করা অন্য এক মামলায় ইলিয়াস আলীসহ ৬৬ জনের জামিন মঞ্জুর করা হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।গত ১৮ ও ১৯ ডিসেম্বর সিলেটে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জালালাবাদ, দক্ষিণ সুরমা, কোতোয়ালি ও শাহপরান থানায় পৃথক পাঁচটি মামলা হয়। এ ছাড়া সহিংসতার ঘটনায় সিরাজগঞ্জের সেতু পশ্চিম থানায় আরেকটি মামলা হয়। এসব মামলায় ইলিয়াস আলীসহ অন্যরা হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। আজ আদালত শুনানি নিয়ে আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও রাগীব রউফ চৌধুরী মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলিরুজ্জামান। মাহবুব উদ্দিন বলেন, ১৮ ডিসেম্বরের ঘটনায় সিলেটে পাঁচটি ও সিরাজগঞ্জে একটিসহ মোট ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় ইলিয়াস আলীসহ ৬৬ জনের আগাম জামিন মঞ্জুর করেন আদালত।প্রসঙ্গত, ১৮ ও ১৯ ডিসেম্বর রাজধানীসহ সিলেট, সিরাজগঞ্জ ও কয়েকটি জেলায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিলেটে ১৮ ডিসেম্বর একটি বাসে আগুন দেওয়া হলে এক ব্যক্তি পুড়ে মারা যায়।