বিএনপির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ, নেপথ্যে সাংসদ নুরুন্নবী
ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় বিএনপি-ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের ৩৯ জন নেতা-কর্মীকে সরকার-সমর্থকেরা মারধর করেছে বলে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ অভিযোগ করেছেন। তিনি বলেন, হামলাকারীরা ভোলা-৩ আসনের সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর কর্মী। সাংসদ নিজেও জসিম উদ্দিন নামে বিএনপির এক কর্মীকে মারধর করেছেন।আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন জানান, গত ১৯ আগস্ট লালমোহন উপজেলার পূর্ব চরউমেদ বাজারের কাছে জসিম উদ্দিনকে মারধর করে চোখ বেঁধে সাংসদ গাড়িতে তোলেন। পরে একটি মিথ্যা মামলায় জেলে দেওয়া হয় তাঁকে।হাফিজ উদ্দিন অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের সহায়তায় নুরুন্নবী চৌধুরী এই দুই উপজেলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সংবাদ সম্মেরনে ওই দুই এলাকায় সংঘটিত বেশ কিছু ঘটনার উল্লেখ করেন তিনি।হাফিজ জানান, ১৭ সেপ্টেম্বর লালমোহন পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাজমা বেগমের বাড়িতে আক্রমণ করে তাঁর মা কোহিনুর বেগমকে কুপিয়ে আহত করা হয়। ১০ সেপ্টেম্বর ছাত্রদলের কর্মী মো. আকবরকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়। ৪ সেপ্টেম্বর উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতির ছেলে সাদ্দাম হোসেনকে মেরে হাতের দুটি আঙুল ও মাথা ফাটিয়ে দেওয়া হয়। গত ১০ আগস্ট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মার্শাল হিমুকে অপহরণ করার উদ্দেশ্যে সশস্ত্র হামলা করা হয়।এ ছাড়া তজমুদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান সাফা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনকে একাধিকবার মারধর করে তাঁদের টাকা-পয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপির সাবেক এই সাংসদ। এসব ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান হাফিজ উদ্দিন আহম্মদ।