বিএনপির নেতা খুনের ঘটনায় রোববার মুজিবনগরে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েসহ বিএনপির নেতা খুনের ঘটনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি। আজ শুক্রবার বিকেলে মুজিবনগরে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন বিএনপির জাতীয় কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সাংসদ মাসুদ অরুণ।মাসুদ প্রথম আলো ডটকমকে বলেন, কাল শনিবার বিকেলে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল হবে। পরদিন মুজিবনগর উপজেলায় সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করা হবে। এ ছাড়া ২৭ মার্চ মেহেরপুরে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার রতনপুরের গ্রামের বাড়ি থেকে ডেকে এনে হেলাল উদ্দিনকে (৫০) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি পল্লি চিকিত্সক ও মুজিবনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ সময় বাবাকে বাঁচাতে গেলে ছোট মেয়ে হাবিবা খন্দকারকেও (১৭) কুপিয়ে ও বোমা মেরে আহত করা হয়। রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাবিবা কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, খুনের ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। পুলিশ জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি। তিনি আরও বলেন, আজ দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাবা ও মেয়েকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।