বিএনপির নেতা মোরশেদ খানের গাড়িতে হামলা
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের গাড়ির বহরে হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামে তাঁর নির্বাচনী এলাকা বোয়ালখালীর ফুলতল এলাকায় এ ঘটনা ঘটে। বোয়ালখালী পুলিশ জানায়, স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মোরশেদ খানের প্রতিপক্ষ হিসেবে পরিচিত এরশাদ উল্লাহর সমর্থকেরা এ হামলা চালিয়েছে। এ গাড়িবহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ দলীয় নেতা-কর্মীরা ছিলেন। তাঁরা বোয়ালখালীতে একটি পথসভা শেষে পাঁচটি গাড়ির বহর নিয়ে বান্দরবানের উদ্দেশে যাত্রার মুহূর্তে এ হামলার ঘটনা ঘটে।বোয়ালখালী উপজেলা বিএনপি কমিটির গুরুত্বপূর্ণ পদে এরশাদ উল্লাহর সমর্থকেরা স্থান পাননি বলে এ দ্বন্দ্বের সূত্রপাত।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক প্রথম আলো অনলাইনকে বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে একটি পক্ষ পেছন থেকে হামলা চালায়। এতে মোরশেদ খানকে বহনকারী গাড়িটির পেছনের অংশের কাচ ভেঙে যায়।