বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীর জামিন মঞ্জুর
বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।দুই মাস অথবা পুলিশ প্রতিবেদন দাখিল, যেটি আগে হয় সেই সময় পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না—তা জানাতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে শমসের মবিন চৌধুরীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এম. বদরুদ্দোজা। খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, আদালতের এ আদেশের ফলে শমসের মবিন চৌধুরীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই। সরকারের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির।গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের দিন গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় ৩০ জুন শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়।