বিএনপির নেতা হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার
রাজধানীর আগারগাঁওয়ে বিএনপির নেতা আবদুল বাকী মিল্টন হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এই দুজনসহ কয়েকজন মিল্টনকে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তের পর ধারণা করছে পুলিশ।গত বুধবার সকালে আগারগাঁও স্টাফ কোয়ার্টারের ভেতরে শেরেবাংলা নগর কেবল নেটওয়ার্কের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির মালিক আবদুল বাকীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। বাকী ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতিও ছিলেন।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ কবীর প্রথম আলো অনলাইনকে বলেন, এ ঘটনায় নিহত বাকীর স্ত্রী লাবণী জেসমিন বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে একটি হত্যা মামলা করেছেন। মামলায় সরাসরি কাউকে আসামি করা না হলেও পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন মো. মামুন, কাশেম, সজল, মন্টু ও সাইফুল। তাঁদের মধ্যে মামুন ও মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা সবাই নিহতের বন্ধু ও সহযোগী।আহমেদ কবীর বলেন, ঘটনার পর সন্দেহভাজন হিসেবে মামুনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে মামুন হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা স্বীকার করেন। এরপর আজ দুপুরে মামলা দায়ের হলে মামুনকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামুনের দেওয়া তথ্য থেকে পুলিশ মন্টুকে গ্রেপ্তার করে। তবে মন্টুকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। কীভাবে হত্যাকাণ্ড হয়েছে, সে সম্বন্ধে মামুন কোনো তথ্য দিয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, হত্যাকাণ্ডের পরিকল্পনায় যে মামুন ছিলেন, তা তিনি স্বীকার করেছেন। তবে হত্যার সময় তিনি উপস্থিত ছিলেন না বলে পুলিশকে তথ্য দিয়েছেন।পুলিশের পরিদর্শক আহমেদ কবির আরও বলেন, তবে হত্যাকাণ্ডে কে অস্ত্র চালিয়েছে, আর কে কে উপস্থিত ছিল, সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।নিহতের ভাই আবদুল বাতেন বলেন, বাকীর ছোটবেলার বন্ধু মামুন। বাবার সরকারি চাকরির সুবাদে তাঁরা দীর্ঘদিন একসঙ্গে আগারগাঁও স্টাফ কোয়ার্টারে ছিলেন। মামুনই বুধবার সকালে তাঁর বাসায় গিয়ে প্রথম হত্যাকাণ্ডের খবর দেন।পুলিশ জানিয়েছে, নিহত আবদুল বাকীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর হত্যা মামলাসহ একটি মাদক ও একটি অস্ত্র মামলা রয়েছে। বাকী হুমায়ুন কবীর হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ছিলেন। তবে গত দুই-তিন বছরে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। এ ছাড়া গ্রেপ্তার মন্টু একটি অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন কারাভোগের পর বছরখানেক আগে তিনি মুক্তি পেয়েছেন। মন্টু ও বাকী দুজনই একসময় সন্ত্রাসী বিকাশের দলে ছিলেন।তবে নিহত বাকী কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন তাঁর স্ত্রী লাবণী জেসমিন।