বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৩ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টন ও মালিবাগে পুলিশের সঙ্গে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন ও রমনা থানায় তিনটি মামলা হয়েছে। গতকাল রাতে দায়ের করা এ তিন মামলায় প্রায় সাড়ে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় আটক হওয়া ২৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।পল্টন থানায় দায়ের হওয়া দুটি মামলায় বিএনপির নেতা-কর্মীদের নাম উল্লেখ করা হয়নি। তবে রমনা থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির নেতা-কর্মীদের নাম উল্লেখ রয়েছে।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গতকাল রাতে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে আরও ২০০-৩০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে পল্টন থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। অপর মামলাটি দায়ের করেন একই থানার আরেক এসআই। এ মামলায় একই ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা দেওয়া ও বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। গতকাল সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আটক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২৪ জনকে এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার এজাহারভুক্ত আসামিদের নাম জানাতে অস্বীকৃতি জানান। তবে আসামিরা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী বলে তিনি জানান।এদিকে গতকাল বিকেলে মালিবাগে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা হয়েছে রমনা থানায়। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও যানবাহন ভাঙচুরের অভিযোগে রমনা থানার উপপরিদর্শক আজম উদ্দিন বাদী হয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। রমনা থানার ওসি শাহ আলম জানান, এ মামলায় বিএনপি ও জামায়াতের সাত-আটজনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক এক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টন ও ও মালিবাগ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ওই এলাকায় দুটি গাড়িতে আগুন ও প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।পুলিশ ও বিএনপির কর্মীরা পাল্টাপাল্টি ইটপাটকেল ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। গতকাল নেত্রকোনায় ১৮ দলের সমাবেশে প্রশাসনের ১৪৪ ধারা জারি করা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গাড়িবহরে সরকার-সমর্থকদের হামলার অভিযোগে বিকেল চারটায় বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি দেয় যুবদল, ছাত্রদলসহ বিএনপির কয়েকটি অঙ্গসংগঠন।