বিএনপির নেতাদের জামিন প্রশ্নে বিভক্ত রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ দলের অন্যান্য নেতার জামিন দিয়েছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের একজন বিচারপতি। তবে অন্য বিচারপতি এক সপ্তাহের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার বিকেল চারটা ২০ মিনিটে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পর্যায়ক্রমে দুই মামলায় এ আদেশ দেন।আদালত থেকে বেরিয়ে বিএনপির নেতাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, একজন বিচারপতি জামিনের আদেশ দিয়েছেন। অন্য বিচারপতি এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু এ সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন আদালত। এতে এ সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।হরতাল চলাকালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় এ আদেশ দেন হাইকোর্ট।আগাম জামিন নিতে আসা নেতাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কুদ্দুস তালুকদার, আমানউল্লাহ আমান, ফজলুল হক, নাজিমউদ্দিন আলম, শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ।সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল পুলিশ মামলা করে। এসব মামলায় কেবল মাহবুব উদ্দিন আগাম জামিন পেয়েছেন।আজ সকাল সাড়ে ১০টার দিকে আদালতে বিএনপির নেতাদের জামিনের আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন মওদুদ আহমদ। সে সময় দুটি মামলায় করা আবেদনে কেউ কেউ এসেছেন, কেউ কেউ আসতে পারছেন না উল্লেখ করে মওদুদ বলেন, আদালত অনুমতি দিলে তাঁরা আসবেন। তাঁরা আশপাশে রয়েছেন। তাঁরা বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অনুমতি দেওয়া হলে তাঁরা আসবেন।বিএনপির নেতাদের আইনজীবী এম বদরুদোজ্জা প্রথম আলো ডটকমকে বলেন, পৃথক তিনটি আবেদনে ৪৪ জনের জামিন চাওয়া হয়েছিল।হরতালে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় আগাম জামিনের আবেদন জানাতে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গতকাল রোববার সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থান নেন।সূত্র জানায়, গতকাল বিভিন্ন সময়ে বিএনপির নেতারা সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করেন। রাতে তাঁরা সেখানেই অবস্থান করেন। সকাল নয়টা থেকে বিএনপির অন্য নেতারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে জড়ো হতে থাকেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির নেতা এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কুদ্দুস তালুকদার, আমানউল্লাহ আমান, ফজলুল হক, নাজিমউদ্দিন আলম ও শহীদ উদ্দীন চৌধুরী।মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ ও সাদেক হোসেন খোকা আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আসেন।