বিএনপির নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ফখরুল
বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামে মামলা দিয়ে তাঁদের আগামী নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে সরকার। তারা বিএনপির নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখতে চায়।আজ সোমবার বিকেলে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।মির্জা ফখরুল বলেন, সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মামলা দিয়েছে। তারেক যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য সাজা দেওয়ার চেষ্টা করছে। আরাফাত রহমানকেও সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমান ৩২ বছর আগে উপলব্ধি করেছিলেন নারীদের কাজে না লাগালে দেশের উন্নয়ন সম্ভব হবে না। সে জন্যই তিনি মহিলা দল গঠন করেছিলেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় বলেছেন, বাংলাদেশের নারীরা ভারতের নারীদের চেয়ে অনেক এগিয়ে। নারীদের এই এগিয়ে যাওয়ার কৃতিত্ব জিয়াউর রহমান ও খালেদা জিয়ার। তিনি অভিযোগ করেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশে অর্থনীতিকে পিছিয়ে দিচ্ছে। ড. ইউনূসের ওপর আঘাত এমনিতেই আসেনি। ইউনূস গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিচ্ছিলেন। সে জন্যই তাঁর ওপর আঘাত করা হয়েছে।সভায় মহিলা দলের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও রাবেয়া সিরাজ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংসদ রাশেদা বেগম হিরা প্রমুখ বক্তব্য দেন।