বিএনপির নেতার ১৮ বছরের কারাদণ্ড
শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোকছেদুল হক শিবলুকে (৪৫) অস্ত্র আইনের একটি মামলায় ১৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুরের বিশেষ ট্রাইব্যুনাল আদালত এবং জেলা ও দায়রা জজ মো. মুর্শিদ আলম এই দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত আসামি মোকছেদুল হক নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের মৃত সিরাজুল হকের ছেলে।আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, নকলা থানার ভিন্ন একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর এ বছরের ২১ মে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিএনপির নেতা মোকছেদুল হক স্বীকারোক্তি দেন যে তাঁর কাছে একটি রিভলবার আছে। এই তথ্যের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ মোকছেদুল হককে সঙ্গে নিয়ে চন্দ্রকোনা বাজারের কাছে তাঁর বাড়িতে গিয়ে মাটি খুঁড়ে একটি বিদেশি রিভলবার উদ্ধার করে।এ ঘটনায় শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ আল আসাদ অস্ত্র আইনে মোকছেদুল হকের বিরুদ্ধে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. পারভেজ আহমেদ মামলার তদন্ত শেষে গত ২২ জুন তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত আজ মোকছেদুল হককে দোষী সাব্যস্ত করে ১৮ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি পিপি চন্দন কুমার পাল ও আসামিপক্ষে মো. সিরাজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।মামলার রায়ে চন্দন কুমার পাল সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।