বিএনপির নেতারা আদালত প্রাঙ্গণে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় আগাম জামিনের আবেদন জানাতে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গতকাল রোববার সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার তাঁদের জামিনের বিষয়ে শুনানি হতে পারে।বিএনপির নেতারা সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থান নিয়েছেন বলে গতকাল বিকেলে খবর ছড়িয়ে পড়ে। গতকাল বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আদালত বন্ধ থাকলেও বিকেল সাড়ে পাঁচটার দিকে ফটকে ছিল পুলিশের কড়া নিরাপত্তা।সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা গতকাল সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আশ্রয় নিয়েছেন। অন্য নেতাদের মধ্যে এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার, হাবিব-উন-নবী ও শহীদ উদ্দীন চৌধুরী রয়েছেন।সূত্র জানায়, গতকাল বিভিন্ন সময়ে বিএনপির নেতারা সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করেন। রাতে তাঁরা সেখানেই অবস্থান করবেন।তবে বিএনপির যুগ্ম মহাসচিব সাংসদ মাহবুবউদ্দিন খোকন রাত পৌনে নয়টার দিকে সমিতি ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আদালতে ঢোকেননি। এ ধরনের খবর সত্য নয়। বিচার পাওয়ার জন্য যে কারও আদালতে আসার অধিকার আছে। গতকাল আদালত ছিল বন্ধ। তাঁরা কীভাবে আসবেন?সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল পুলিশ মামলা করে। এসব মামলায় কেবল মাহবুবউদ্দিন আগাম জামিন পেয়েছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করে আসছেন, আদালতের বাইরে পুলিশের কড়া পাহারার কারণে বিএনপির অন্য নেতারা জামিনের জন্য সেখানে যেতে পারেননি।বিএনপির নেতারা আদালত চত্বরে গেছেন, এমন খবরে গতকাল বিকেলে বিএনপি-সমর্থক আইনজীবী ও গণমাধ্যমের কর্মীরা সেখানে যান। তবে সমিতি ভবনের একটি কক্ষ ভেতর থেকে বন্ধ দেখা যায়। এটিতে বিকেলে বাতি জ্বলতে ও সন্ধ্যার পর বাতি নেভানো দেখা যায়।রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, বিএনপির সাবেক সাংসদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাংসদ মাহবুবউদ্দিন।রাত সোয়া নয়টার দিকে খন্দকার মাহবুব হোসেন বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্ট বিচারপতি, আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য। কেউ এসেছেন কি না, সে তথ্য তাঁর কাছে নেই। যদি কেউ এসে থাকেন, তবে তাঁরা অন্যায় করেননি। তিনি বলেন, আজ জামিনের আবেদন করা হবে।জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, আদালত এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবেই কর্তব্য পালন করেন। তবে বিশেষ সময়ে নিরাপত্তা বাড়ানো হয়। পুলিশের কাছে খবর ছিল, দুটি গুরুত্বপূর্ণ মামলার আসামিরা গতকাল আদালত এলাকায় ঢুকেছেন; তাঁদের কেউ বোরকা পরে মাজারসংলগ্ন ফটক দিয়ে, আবার কেউ দেয়াল টপকে ঢুকেছেন। তাই রাত থেকে শুরু করে দিন পর্যন্ত যেকোনো সময় আদালত এলাকায় অস্বাভাবিক অবস্থা তৈরি হতে পারে, এ আশঙ্কায় ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।