বিএনপির নেতৃত্বে জোটের সমাবেশ ২৭ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বে চারদলীয় জোটের আহ্বানে ২৭ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করা হবে। সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার সংবাদ সম্মেলন করে এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবিতে কর্মসূচি দেওয়া হবে।এ ছাড়া চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট গতকাল পৃথক সংবাদ সম্মেলন করে ২৭ সেপ্টেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে। জোটের অন্য শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিসও একই কর্মসূচি পালন করবে।তবে পল্টন ময়দানে এই সমাবেশ করার ঘোষণা দেওয়া হলেও গতকাল পর্যন্ত পল্টন ময়দান ব্যবহারের অনুমতি পায়নি চার দল।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গতকাল মির্জা ফখরুল বলেন, ‘আশা করছি, পল্টন ময়দান ব্যবহারের অনুমতি পাব। না পেলে ওই দিন একই সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।’ সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির এই নেতা গত আড়াই বছরে সরকারের ব্যর্থতার নানা দিক তুলে ধরেন। মন্ত্রণালয়ের দুর্নীতির প্রমাণ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি যদি না জানেন কোথায় দুর্নীতি হচ্ছে, তাহলে তাঁর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। দুর্নীতি চিহ্নিত করা তাঁরই দায়িত্ব।’ তিনি বলেন, প্রস্তাবিত বেসরকারি সম্প্রচার নীতিমালা পাস হলে স্বৈরাচারী শাসন প্রবর্তিত হবে। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে। স্বাধীন গণমাধ্যমের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। উইকিলিকসের ফাঁস করা তথ্যের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘আইনগতভাবে এর কোনো ভিত্তি নেই। এসব তথ্য কোথা থেকে কীভাবে আসে, তা-ও কেউ জানে না। এটা মজাদার চাটনির মতো, চমক আছে কিন্তু ভিত্তি নেই।’সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকতউল্লা ও রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।