বিএনপির পাশেই থাকবে এলডিপি
সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ। তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আমার যে দূরত্ব ছিল, সেই দূরত্ব কেটে গেছে।’আজ শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে অলি আহমদ এ ঘোষণা দেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রায় দুই ঘণ্টা আলোচনার পর গুলশান কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন সময়ে তারেক রহমানের দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন অলি আহমদ। এ ব্যাপারে সাংবাদিকেরা প্রশ্ন করলে অলি আহমদ বলেন, ‘ছোট ছোট বা ব্যক্তিগত ইস্যুতে নয় জাতীয় ইস্যুতে কাজ করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।’ জামায়াতে ইসলামী থাকলে ঐক্য গঠনে কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে সাংবাদিকদের অলি আহমদ বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগও জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে। আমরা জামায়াতকে নিয়ে আন্দোলন করলে নাপাক হবে নাকি?’ বৃহত্ ঐক্য গঠনে জামায়াতের সঙ্গে আন্দোলনে কোনো সমস্যা নেই বলে তিনি মন্তব্য করেছেন।আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে অলি আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তারা আমার সঙ্গে যোগাযোগ করে আলোচনার প্রস্তাব দিয়েছে। বিএনপিকে আগে কথা দিয়েছি বলে আমি তাদের জানিয়েছি।’কাল শনিবার এলডিপির কার্যনির্বাহী কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান অলি আহমদ।এর আগে রাত আটটার দিকে অলি আহমেদ তাঁর স্ত্রী মমতাজ বেগমকে নিয়ে বেগম জিয়ার গুলশানের বাসভবনে যান। তাঁরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল ও পঞ্চদশ সংশোধনী বাতিলসহ বিভিন্ন ইস্যুতে সরকারবিরোধী ঐক্য গঠনের নানা দিক নিয়ে আলোচনা করেন।বিভিন্ন বিষয়ে সরকারবিরোধী ঐক্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলাপ-আলোচনার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।