বিএনপির প্রতিনিধি সভায় শুধুই তারেক-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগ বিএনপির উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে গতকাল শনিবার। সভায় ইউনিয়ন প্রতিনিধি সভার সুপারিশ মূল্যায়নের কথা থাকলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানটি শুধু তারেক-বন্দনায় পরিণত হয়। মূল্যায়নের জন্য সুপারিশগুলোও উত্থাপন করা হয়নি।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে হিসেবে বিএনপির রাজনীতিতে জায়গা করে নেননি। রাজনীতিতে শিক্ষা নিয়ে দলের নেতা নির্বাচিত হয়েছেন। তিনি তারেক রহমানের জন্য দোয়া চেয়ে বলেন, ভবিষ্যতে তাঁকে নিয়েই বিএনপি আরও উচ্চ আসনে পৌঁছাবে।তারেক রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ, রুহুল কুদ্দুস তালুকদার, হারুনুর রশিদ, মিজানুর রহমান মিনু ও নাজিমউদ্দিনের উদ্যোগে দেশব্যাপী এই আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সিলেট শহরের সাইফুর রহমান মিলনায়তন থেকে এ কর্মসূচি শুরু হয়। আরও নয়টি জেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।হান্নান শাহর বক্তব্যের আগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ হাসনাত দুই হাত তুলে তারেকের সুস্বাস্থ্যের জন্য মোনাজাত শুরু করেন। মোনাজাতে তারেকের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।সভার সভাপতি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামাল আহমদ চৌধুরী বলেন, ‘তারেক জিয়া একজন ন্যাচারাল নেতা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি মামলা পালক হয়ে কাজ করবে। তিনি আরও উচ্চ আসনে পৌঁছে যাবেন।’ আইনজীবী ফারুক হোসেন বলেন, তারেক মৃত্যুর কাছে মাথা নত করেননি।গতকালের আলোচনা সভায় সিলেটের বিএনপিপন্থী শিক্ষক, আইনজীবী, চিকিত্সক, সাবেক সেনা কর্মকর্তারা বক্তব্য দেন। তাঁরা তারেক রহমানের পাশাপাশি সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকেও ধন্যবাদ দেন। বক্তারা বিএনপির দুঃসময়ে ইলিয়াস আলীর ভূমিকার প্রশংসা করেন।১১ বক্তার প্রত্যেকের বক্তব্যে ছিল তারেকের প্রশংসা। অথচ গত ৩০ জানুয়ারি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছিলেন, ২০০৫ সালে তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সভার সুপারিশ মূল্যায়নই হবে আলোচনা সভার উদ্দেশ্য। কিন্তু গতকাল প্রথম দিনের আলোচনায় কোনো সুপারিশই তুলে ধরা হয়নি। শুরুতে একটি ভিডিও চিত্রে তারেক রহমানের ২০০৫ সালের একটি বক্তব্য দেখানো হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তারের পর গুরুতর অসুস্থ তারেককে দেখানো হয়। তারেককে নিয়ে লেখা দুটি গানও প্রচার করা হয়।গতকাল সিলেট বিভাগের পাঁচটি সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা সকাল থেকেই সাইফুর রহমান মিলনায়তনে জড়ো হন। তবে অনুষ্ঠানটি শুধু নেতাদের জন্য ছিল, তাই কর্মীরা মিলনায়তনের বাইরে বড় পর্দায় অনুষ্ঠান উপভোগ করেন। তারেক রহমান যে সেনা নির্যাতনের শিকার এবং গুরুতর অসুস্থ, তা জানানোর জন্য আলোচনা সভায় বক্তব্য দিতে আমন্ত্রণ জানানো হয় তত্ত্বাবধায়ক সরকারের সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিত্সক নিয়াজ আহমেদ চৌধুরীকে। তিনি বলেন, ‘১/১১-এর সময় সাত বছরের সন্তানকে বাসায় রেখে বাবাকে গ্রেপ্তার করা ছিল অমানবিক। অনেকে বলেন, তারেক রহমানকে নির্যাতন করা হয়নি। এটা ঠিক নয়। তাঁর স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছে। আমি নিজে তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখেছি।’সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুব আহমেদ বলেন, তারেককে যে নির্যাতন করা হয়েছে, তা তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীর সামনে তুলে ধরতে হবে। এ থেকে শিক্ষা নিতে হবে বিএনপি নেতাদের। উপস্থিত কয়েকজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় কোন্দল মেটানো এবং তৃণমূলের প্রতিনিধিত্ব কেন্দ্রে বাড়ানোর ব্যাপারে সভায় কিছু বলা হয়নি। তা ছাড়া ২০০৫ সালে যে সুপারিশ তৈরি করা হয়েছিল, তা প্রকাশ করলে ভালো হতো। তবে তাঁরা বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা দরকার। সুনামগঞ্জের আকতারনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির নেতা আকবর আলী বলেন, দলের হাল ধরার জন্য তারেক রহমানকে দরকার। সিলেট লামাকাদি ইউনিয়নের প্রতিনিধি কবির হোসেন বলেন, তারেক রহমান এলে ভালো হয়। বিএনপির করণীয় সম্পর্কে: আগামী দিনের বিএনপিকে কী করতে হবে বুদ্ধিজীবীরা সে সম্পর্কে বলতে গিয়ে বলেন, তারেক রহমানের পথ অনুসরণ করতে হবে। তিনি যেভাবে তৃণমূল থেকে রাজনীতিকে শক্ত অবস্থানে নিয়ে আসতে চেয়েছিলেন, তা অব্যাহত রাখতে হবে। এ ছাড়া ভারতের সঙ্গে অসম চুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও টিপাইমুখ বাঁধ নিয়ে বিএনপিকে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দেন তাঁরা।মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেন, ‘বিএনপিকে পরামর্শ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। তবে দলটিকে সামনে এগিয়ে নিতে হলে তারেকের পথ অনুসরণ করতে হবে।’বিএনপির বিরুদ্ধে অভিযোগের জবাব দেওয়ার পথ দেখালেন তাঁরা: বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরকারদলীয় নেতা-কর্মীদের অভিযোগের কঠোর জবাব দেওয়ার জন্য পেশাজীবীরা আহ্বান জানান। কীভাবে জবাব দিতে হবে বলতে গিয়ে চিকিত্সক শামীম উর রহমান বলেন, তারেক রহমান একজন ভালো মানুষ। তাঁর আচরণই তা প্রমাণ করে। কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারেননি বলে আপনারা জানিয়ে দেন। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামনে হয়তো কাউকে রাজসাক্ষী বানিয়ে তারেকের দেশে ফেরার পথ বন্ধ করতে পারে সরকার।অনুষ্ঠানের শুরুতেই এম ইলিয়াস আলী অভিযোগ করেন, সভার ব্যানার, পোস্টার, তোরণ সরকারদলীয় লোকজন নষ্ট করে দিয়েছে। এ কাজে পুলিশ, প্রশাসন ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছে। শিক্ষকদের অনুষ্ঠানে আসতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।