২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ দলের কয়েকজন নেতাকে আসামি করার প্রতিবাদে বিএনপির মিছিলে বেধড়ক লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ।গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে এ ঘটনায় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও চার সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার যেভাবে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে, তাতে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া উপায় নেই। তিনি বিএনপির মিছিলে হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানসহ দলীয় আরও কয়েকজন নেতাকে আসামি করার প্রতিবাদে গতকাল বিকেল চারটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।সমাবেশে মির্জা ফখরুল বলেন, এই সরকারের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে। সরকারের পতন এখন অনিবার্য হয়ে পড়েছে। বিএনপির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান প্রমুখ বক্তব্য দেন। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রগুলো জানায়, সমাবেশ শেষে পৌনে ছয়টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টনের সিটি ব্যাংকের সামনে গেলে পুলিশ পেছন দিক থেকে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর পুলিশ মিছিলকারীদের ওপর বেধড়ক লাঠিপেটা শুরু করে। এতে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হন। এ ছাড়া সেখানে পেশাগত দায়িত্বে থাকা চার সাংবাদিক দৈনিক সকালের খবর-এর রেজাউল করিম, আমাদের সময়-এর মামুন স্টালিন, যুগান্তর-এর হাবিবুর রহমান খান ও নয়া দিগন্ত পত্রিকার মইন উদ্দিন আহত হন।বিএনপি সূত্র জানায়, আহত জয়নুল আবদিনকে প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনা সম্পর্কে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল হক সাংবাদিকদের বলেন, বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি নিয়েছে। কিন্তু মিছিল করার কোনো অনুমতি ছিল না। তিনি বলেন, বিএনপিকে মিছিল না করার জন্য অনুরোধ করা হলেও তারা তা শোনেনি। মিছিল করলে জনগণের ভোগান্তি হয়। এ জন্য ছত্রভঙ্গ করা হয়েছে। ১১১১ চিকিৎসকের বিবৃতি: গতকাল এক যুক্ত বিবৃতিতে ১১১১ জন চিকিৎসক তারেক রহমানসহ বিএনপির নেতাদের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে নাম প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানান। তাঁরা বলেন, চিকিৎসক সমাজ সরকারের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সমুচিত জবাব দেবে। বিবৃতিতে সইদাতা চিকিৎসকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম এ মাজেদ, এম এ বায়েজ ভূঁইয়া, এম এ মান্নান, মিজানুর রহমান, গাজী আবদুল হক, মবিন খান, সিরাজউদ্দিন আহমেদ, সুলতানা জাহান, এ কে এম আজিজুল হক, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।