বিএনপি সংসদ নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব দিয়েছে, নির্বাচন কমিশন (ইসি) তা গ্রহণ করেনি। ইসি নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে প্রচলিত আইনের ওপরই নির্ভর করতে চায়।এদিকে নির্বাচনকালীন সরকারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে নিজেদের আগের অবস্থান থেকে সরে এসেছে ইসি। মন্ত্রণালয়গুলোকে দায়বদ্ধতার বাইরে রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে সংস্থাটি।বিএনপি ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে ইসিকে চিঠি দিয়ে আরপিও সংশোধনের সুপারিশ করে। এতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা সংশোধন করে তাতে বিচারিক ক্ষমতাসহ সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়। ইসি সচিবালয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে গত বুধবার কমিশনের বৈঠকে আলোচনা হয়। এতে বিএনপির প্রস্তাবটি গ্রহণ না করার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকারের আমলে ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি আইন সংশোধন করে সশস্ত্র বাহিনীকে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়। তাই একই সরকারের কাছে আবার সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া অর্থহীন। তা ছাড়া আগের কমিশন সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছিল, তাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার সুপারিশ ছিল না।’এর আগে ২০০১ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আরপিও সংশোধন করে প্রথম সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়। তখন আওয়ামী লীগ আপত্তি করলে বিচারিক ক্ষমতা বাতিল করে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। তখন থেকে ২০০৮ সালের সাধারণ নির্বাচন পর্যন্ত সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করে। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আইন সংশোধন করায় এ সরকারের আমলে অনুষ্ঠিত উপনির্বাচনগুলোতে সশস্ত্র বাহিনীর আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের সুযোগ ছিল না।বিএনপির প্রস্তাব সম্পর্কে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘বিএনপির দাবি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা। সেটা সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী করা সম্ভব। সুতরাং আইন সংশোধনের দরকার কী?’ তবে নির্বাচন কমিশন সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী, ইসি ২০০৩ ও ২০১১ সালের স্থানীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের চাহিদা প্রকাশ করেছিল। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। তাঁরা উল্লেখ করেন, ফৌজদারি কার্যবিধির ১২৮, ১২৯ ও ১৩০ ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনে সেনাবাহিনীকে তলব করতে পারবেন। তবে সেটাও সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করে। ওই কর্মকর্তারা মনে করেন, এভাবে সেনাবাহিনী মোতায়েন করা হলে তাঁরা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবেন না। কারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না হওয়ায় সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের ৪০০ গজের সীমানায় প্রবেশ করতে পারবেন না।এদিকে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব মন্ত্রণালয়ের ওপর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর যে জোর দিয়েছিল, তা থেকে সরে এসেছে। ইসির নতুন প্রস্তাবে শুধু যেকোনো মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলির নির্দেশ দেওয়ার ক্ষমতার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় দুই দিনের মধ্যে ওই বদলির নির্দেশ কার্যকর করবে।এ ক্ষেত্রে আগের কমিশনের প্রস্তাবে (৪৪-ই ধারা) বলা হয়েছিল, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন-সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইসির সঙ্গে পরামর্শ করবে। জানতে চাইলে মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘শুরুতে সব মন্ত্রণালয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চিন্তাভাবনা থাকলেও কমিশন সেই অবস্থান থেকে সরে এসেছে। কারণ, স্বল্প জনবল নিয়ে সব মন্ত্রণালয়ের বদলিসহ অন্যান্য কাজ কমিশন সচিবালয়ের একার পক্ষে করা সম্ভব নয়।’ আরপিওর ৯১-ই ধারা সংশোধনের ব্যাপারে আগের কমিশনের প্রস্তাবে বলা হয়েছিল, কোনো প্রার্থী নির্বাচিত হওয়ার পর যদি প্রমাণিত হয়, তিনি হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন, সে ক্ষেত্রে কমিশন তাঁর সদস্যপদ বাতিল করতে পারবে। বর্তমান কমিশনের সংশোধনী প্রস্তাব থেকে এ বিষয়টি বাদ পড়েছে।প্রস্তাবিত আইনে ভবিষ্যতে যাতে সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা যায়, সেই বিধান রাখা হয়েছে। আরও বলা হয়েছে, পরিস্থিতির অবনতি ঘটলে রিটার্নিং কর্মকর্তা যেকোনো কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করতে পারবেন। বিদ্যমান আইনে এই ক্ষমতা শুধু প্রিসাইডিং কর্মকর্তার আছে। এ ছাড়া ঋণখেলাপির জিম্মাদারকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য করা হয়েছে। বিদ্যমান আইনে কেবল ঋণখেলাপিকে নির্বাচনের অযোগ্য বলা হয়েছে।কমিশন সচিবালয় সূত্র জানায়, এসব বিষয়ে ইসির সিদ্ধান্ত কার্যবিবরণী আকারে উপস্থাপনের পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।