বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মঞ্জুরুল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলের ভারপ্রাপ্ত মেয়র এম মঞ্জুরুল আলম এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে গতকাল রাতে দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া না হলেও চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তিনি খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর মঞ্জুরুল আলম প্রথম আলোকে জানান, তিনি চট্টগ্রাম উন্নয়ন ফোরামের ব্যানারে বিএনপির সমর্থন পাবেন বলে আশা করছেন।চট্টগ্রাম বিএনপির প্রভাবশালী নেতাদের কোন্দলের কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে পদত্যাগী মঞ্জুরুল আলমকে মেয়র পদে মনোনয়ন দেওয়া প্রায় চূড়ান্ত বলে বিএনপির নেতারা জানিয়েছেন।গতকাল সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মঞ্জুরুল আলমকে ডেকে আনা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীসহ কয়েকজন নেতা এ সময় খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।মেয়র পদপ্রার্থী হিসেবে বিএনপির সমর্থন পাওয়ার বিষয়ে মঞ্জুরুল আলম বৈঠকের আগে প্রথম আলোকে বলেন, ‘আমাকে ডেকে পাঠানো হয়েছে। চেয়ারপারসন কথা বলবেন বলে জানানো হয়েছে। তবে মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না।’সূত্র জানায়, গত রোববার রাতে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম মেয়র পদে মনোনয়নের দায়িত্ব খালেদা জিয়ার ওপর ন্যস্ত করেন। এরপর প্রার্থী চূড়ান্ত করতে খালেদা জিয়া রোববার মধ্যরাতে চট্টগ্রাম বিএনপির প্রভাবশালী নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।সূত্র জানায়, ওই বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের বিভিন্ন দিক সম্পর্কে চেয়ারপারসনকে অবহিত করা হয়। কোন্দল নিরসন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করতে বিতর্কিত নন এমন কাউকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে খালেদা জিয়াকে তাঁরা পরামর্শ দেন। বৈঠকে মঞ্জুরুল আলমের কথা ঘুরেফিরে আলোচিত হয়। সাকা চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা কাউকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে চেয়ারপারসনের কাছে সরাসরি কোনো নাম প্রস্তাব করিনি। প্রার্থীদের সম্পর্কে বলেছি। এর ভিত্তিতে ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চট্টগ্রামে আমার ব্যক্তিগত কোনো প্রভাব বা শক্তি থেকে থাকলে তা দিয়ে দলের মনোনীত প্রার্থীর পেছনে কাজ করব।’আমীর খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। এর আগে কয়েক দফা আলোচনা করেও চট্টগ্রাম বিএনপির নেতারা মেয়রপ্রার্থী হিসেবে কাউকে চূড়ান্ত করতে পারেননি। সর্বশেষ গত বুধবার রাতে ঢাকায় একটি হোটেলে চট্টগ্রামের প্রভাবশালী নেতারা বৈঠক করেন। যদিও যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন না। সেখানে মনোনয়নপ্রত্যাশী নেতাদের মধ্যে ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র দস্তগীর চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী। মঞ্জুরুল আলম বিদেশে অবস্থান করায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। ওই বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন প্রার্থী হবেন না বলে জানিয়ে দেন। আবদুল্লাহ আল নোমানও নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেননি।