বিএনপির ফর্মুলা টিআইবির নামে দেওয়া হচ্ছে কি না ভাবতে হবে: নাসিম
নির্বাচন সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) দেওয়া প্রস্তাবের ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমাদের ভেবে দেখতে হবে, বিএনপির ফর্মুলা টিআইবির নামে দেওয়া হচ্ছে কি না।’ তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে, কোনো নতুন ফর্মুলায় কাজ হবে না। মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে।’ আজ সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসিম। ১৩ এপ্রিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসায় ককটেল নিক্ষেপের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগের এই নেতা বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘গণতন্ত্র রক্ষায় আপনার অনেক অবদান আছে। গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তাই অযথা শক্তি ক্ষয় করবেন না।’ তিনি বলেন, ‘সংসদে আসুন। কোনো প্রস্তাব থাকলে সেটা পেশ করুন। সেটা যুক্তিসংগত হলে গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। তাহলে ওই আগুনে আপনিসহ সবাই জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবেন।’আওয়ামী লীগের এই নেতা বলেন, হেফাজতে ইসলামকে ইসলামের ঠিকাদারি দেওয়া হয়নি। তাদের ধর্মীয় অপব্যাখ্যায় কেউ বিভ্রান্ত হবে না। তাদের অন্যায্য দাবির কাছে শেখ হাসিনা কিংবা ১৪ দল মাথা নত করবে না বলেও উল্লেখ করেন তিনি। নাসিম হেফাজতে ইসলামের উদ্দেশে আরও বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধীদলীয় নেত্রী একজন নারী। এ ছাড়া, নিজেদের যোগ্যতায় সুপ্রিম কোর্ট থেকে শুরু দেশের বিভিন্ন জায়গায় নারীরা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। আজ তাঁদের কীভাবে পর্দার কথা বলে ঘরে আটকে রাখার ষড়যন্ত্র হয়?’সমাবেশে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘হানিফের বাসায় হামলা করায় আমরা ভীত নই। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, সেটা চলবেই। এ সরকারের মেয়াদে কয়েকজনের রায় ঘোষণা করা হয়েছে। বাকি সময়ে তাদের চূড়ান্ত রায় কার্যকর করা হবে।’ তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র।ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের নেতা এম এ আজিজ, খালিদ মাহমুদ চৌধুরী, ফয়েজ উদ্দিন মিয়া, আফজাল হোসেন প্রমুখ।