বিএনপির বক্তব্য সংসদে রেকর্ড থাকা দরকার: সাকা চৌধুরী
জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে এমন কিছু স্পর্শকাতর ঘটনা ঘটেছে যাতে বিএনপির বক্তব্য সংসদে রেকর্ড থাকা দরকার। সেই দিক বিবেচনা করে সংসদে যাওয়া দরকার। আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সালাউদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, সংসদ বাদ দিয়ে আন্দোলন হয় না। জনগণের দাবি আদায়ে ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে বিএনপি অবশ্যই সংসদে যাবে। শর্ত মেনে না নিলে বিএনপি সংসদে যাবে না—এ ব্যাপারে তিনি বলেন, ‘এ শর্ত আরোপের মধ্যে আমি ছিলাম না।’ আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ অধিবেশনে যাওয়া না যাওয়া নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। এত দিন সংসদের বাইরে থাকার সিদ্ধান্ত ভুল ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতিতে কিছু সিগনালের ব্যাপার আছে। সংসদের বাইরে থাকার বিষয়টি ছিল সরকারের জন্য একটি সিগনাল। আমরা চেয়েছিলাম ভদ্র পন্থায় সরকারকে বোঝাতে। কিন্তু সরকার তা না বুঝলে আমাদের বিকল্প পন্থা বের করতে হবে।’ সাকা চৌধুরী বলেন, সরকারবিরোধী আন্দোলনের কৌশল ‘নতুন তরিকায়’ হবে। আন্দোলন বলতে কেবল মুক্তাঙ্গন আর কাকরাইল মোড়ে জ্বালাও পোড়াও নয়। এবার আন্দোলন হবে সংসদের ভেতরে বাইরে, বাসে লঞ্চে, পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে। ওয়ান-ইলেভেনের খুতবা শুনে শুনে রাজনীতিবিদেরা আন্দোলনের নতুন পন্থা নির্ধারণ করেছেন।বিএনপির এই নেতা বলেন, ধর্মনিরপেক্ষতার নামে ইসলামকে নিয়ে দেশে এমন কতকগুলো স্পর্শকাতর ইস্যু তৈরি হয়েছে যে সংসদে গিয়ে এ বিষয়ে বক্তব্য তুলে ধরা বিএনপির জন্য অনিবার্য হয়ে পড়েছে। কোরআনের বিধান থাকার পরও হাইকোর্ট মহিলাদের পর্দা প্রথা নিয়ে ভিন্ন রায় দিচ্ছেন। এসব নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করা দরকার বলে মনে করেন তিনি। বিচারকদের সমালোচনা করে সাকা চৌধুরী বলেন, হাইকোর্ট রায় দিয়েছে মার্শাল ল অবৈধ। তাহলে তো মার্শাল ল এর সময় যাঁরা বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন তাঁরাও অবৈধ। তিনি বিচারকদের আরও পড়াশোনা করে রায় লেখার আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে সংসদে আপত্তিকর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদের যাঁরা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তাঁরা এখন সংসদ সদস্য। তাঁদের বক্তব্য থেকে এর বেশি আর কী আশা করা যায়।’