বিএনপির বাজেট প্রস্তাব সংবিধানবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের বাইরে দেওয়া বিএনপির বাজেট প্রস্তাবকে সংবিধানবিরোধী এবং শপথ ভঙ্গ বলেছে সরকারি দল। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া অর্থমন্ত্রীর আগে এ ধরনের বাজেট ঘোষণা করে শপথ ভঙ্গ এবং সংসদ ও সংবিধান অবমাননা করেছেন বলেও অভিযোগ করা হয়। বলা হয়, এ ধরনের বাজেট ঘোষণা করতে হলে বিরোধীদলীয় নেত্রীকে আগে পদত্যাগ করতে হবে।পয়েন্ট অব অর্ডারে সরকারি দলের সাংসদেরা এ ব্যাপারে স্পিকারের রুলিংও দাবি করেন। সংসদে গতকাল মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত আলোচনায় সরকারি দলের চার সদস্য এ দাবি জানান। শুরুতে পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত বিষয়টি উত্থাপন করে স্পিকারের রুলিং দাবি করেন।বিএনপির উদ্দেশে সুরঞ্জিত সেন বলেন, ‘আপনারা অপজিশন ইন স্ট্রিট হতে চাইলে সবচেয়ে আগে সংসদ থেকে পদত্যাগ করতে হবে। আর সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল হলে অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর সংসদে এসে বাজেট নিয়ে যা ইচ্ছে প্রস্তাব দিন। দয়া করে আপনারা সংবিধান মেনে চলুন। আমরা কেউই সংবিধান ও আইনের ঊর্ধ্বে নই।’ডেপুটি স্পিকার প্রথমে পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিতকে ফ্লোর দিতে রাজি হননি। এ নিয়ে বাগিবতণ্ডার পর সুরঞ্জিত বলেন, সংবিধানে বলা আছে, বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।সুরঞ্জিত সেন বলেন, বাজেট দেওয়ার রায় পেয়েছে মহাজোট। আপনারা পেয়েছেন বিরোধী দলে বসার রায়। সংবিধান অনুসারে সরকারের পক্ষে একমাত্র অর্থমন্ত্রীই বাজেট ঘোষণা করতে পারেন। বাজেট ঘোষণার আগে বিকল্প বাজেট দেওয়ার অধিকার বিরোধীদলীয় নেত্রীকে সংবিধান ও আইন দেয়নি।এর আগে জাসদের মইনুদ্দিন খান বাদল বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল কি সব নিয়ম-শৃঙ্খলার ঊর্ধ্বে? কারা সংসদকে অকার্যকর করছে? তাঁরা কেন সংসদে উপস্থিত থাকছেন না? ডেপুটি স্পিকারের উদ্দেশে তিনি বলেন, কেউ সংসদের কার্যপ্রণালী বিধি অস্বীকার করলে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন? এ জন্য আপনার হস্তক্ষেপ কামনা করছি।বিএনপির বাজেট প্রস্তাবের ওপর প্রথমে বক্তব্য দেন ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, এই বিকল্প বাজেট পেশ সংসদ অবমাননার শামিল। পয়েন্ট অব অর্ডারের আগে সুরঞ্জিত সাংবিধানিক বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের কাছে চিরকুট পাঠান। ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘এ বিষয় নিয়ে কিছু বলতে চাইলে নোটিশ দিন। সঠিক পদ্ধতি অবলম্বন করুন। আমি আপনাকে পয়েন্ট অব অর্ডার দেব না।’এরপর ফজলে রাব্বী মিয়াকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ দেন ডেপুটি স্পিকার। পরে পয়েন্ট অব অর্ডারে মইনুদ্দিন খান বাদলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন শওকত আলী। এ সময় সুরঞ্জিত ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘আমি বসব না। এভাবে তো আপনি হাউস চালাতে পারবেন না। আপনি কার্যপ্রণালী বিধির ৩০১ ধারা পড়ে দেখেন।’জবাবে ডেপুটি স্পিকার বলেন, ‘আমি পড়েছি।’সুরঞ্জিত না বসে সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে উদ্দেশ করে বলেন, ‘আমি উপনেতার দৃষ্টি আকর্ষণ করছি।’ এ সময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না।এ সময় সাজেদা চৌধুরী দাঁড়িয়ে ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সংসদের অভিভাবক। সাংসদদের কথা আপনি অনুগ্রহ করে শুনবেন বলে আশা করি। সুরঞ্জিত সেনগুপ্ত অভিজ্ঞ সাংসদ। ওনাকে কিছুক্ষণের জন্য মাইক দেন।’এরপর ডেপুটি স্পিকার সুরঞ্জিতকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।বিএনপির বাজেট প্রস্তাবের ওপর আরও বক্তব্য দেন মহীউদ্দীন খান আলমগীর ও আবদুল মান্নান।