বিএনপির বিক্ষোভ মিছিলে চট্টগ্রামে বিজয়ের আনন্দ
সাংবাদিক হত্যা, হামলা-মামলা বন্ধের দাবি ও মিডিয়ার ওপর ‘খবরদারি’র প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। তবে গতকাল রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত সমাবেশ শেষে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি একপর্যায়ে আনন্দ মিছিলে রূপ নেয়। সমাবেশের শুরুতে জামায়াতে ইসলামীর একটি মিছিল এসে যোগ দিতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত পরিসরের এ সমাবেশ শেষ হয়। সমাবেশের পর বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী মুক্তাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বিজয়ে বিক্ষোভ মিছিল কার্যত আনন্দ মিছিলে পরিণত হয়। নেতা-কর্মীরা বাদ্য-বাজনা বাজিয়ে ও হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। ২৭ জুন বিএনপি আহূত সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনেও তাঁরা স্লোগান দেন।মিছিলটি মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার জনগণের দাবিকে উপেক্ষা করে দেশ পরিচালনা করছে। সংবাদপত্রের মুখ বন্ধ করে দিচ্ছে। কিন্তু এভাবে তারা কিছুতেই পার পাবে না, কারণ সরকারের দমন ও নির্যাতনের বিরুদ্ধে ইতিমধ্যেই জনগণ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ২৭ জুনের হরতালে বাধা দেওয়া হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসুচি দেওয়া হবে বলে সাবধান করে দেন তিনি। মোশাররফ আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও বিএনপি নেতা নাসির উদ্দীন পিন্টুর মুক্তিও দাবি করেন। সভাপতির বক্তব্যে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তির নতুন জয়যাত্রা শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস ও আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ্ আমান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদও সমাবেশে বক্তব্য দেন। বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরেও একই কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে অনেক জায়গায় হামলা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে অভিযোগ করেন, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নাটোরে বিএনপির কর্মসূচিতে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বাধা দিয়েছে।