বিএনপির বিক্ষোভ সমাবেশে যাননি মেয়র মনজুর
দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রামে নগর বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে যাননি নবনির্বাচিত নতুন মেয়র মোহাম্মদ মনজুর আলম।দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর বিএনপির একাংশ আজ বিকেলে নাসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে আবদুল্লাহ আল নোমানের অনুসারীদের দেখা যায়নি। এ সময় নোমানের অনুসারীরা নবনির্বাচিত মেয়র মনজুরের বাসায় গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। নোমানের অনুসারী বলে পরিচিত নগর বিএনপির নেতা এম এ সবুর প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে আর বিভেদ নাই। নির্বাচনকে কেন্দ্র করে আমরা খুব কাছাকাছি এসে গেছি। বিকেলে আমরা মনজুরের বাসায় গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। এ কারণে অনেকে দলীয় কর্মসূচিতে যেতে পারেননি।’দলীয় সূত্র জানায়, বিক্ষোভ কর্মসূচিতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন না। তিনি তাঁর মেয়ের আক্দ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে সহসভাপতি আবু সুফিয়ান, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, কাজী বেলাল, আর ইউ চৌধুরী শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।মেয়র কেন দলের কর্মসূচিতে আসেননি জানতে চাইলে শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেয়র তাঁর বাড়িতে আসা বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনকে নিয়ে ব্যস্ত ছিলেন। ২৭ জুনের হরতালের আগের দিন আমরা সম্মিলিতভাবে সমাবেশ করব।’জানা যায়, মনজুর আজ সারা দিন কাট্টলির বাসায় ছিলেন। সকাল থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁর বাড়িতে ভিড় করেন এবং তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া চট্টগ্রাম মহানগর শ্রমিক দল, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত বিএনপিপন্থী ওয়ার্ড কাউন্সিলররা তাঁর সঙ্গে দেখা করেন। বিকেলে এলাকাবাসী তাঁর সঙ্গে দেখা করেন।শুভেচ্ছার জবাবে মনজুর তাঁর দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহায়তা কামনা করেন। তিনি বলেন, নগরের জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন, নিয়মিত আবর্জনা পরিষ্কার, সড়কবাতির রক্ষণাবেক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়ন করা হবে।