বিএনপির বিদ্রোহী প্রার্থী ১৪৬ পৌরসভায়, প্রভাব পড়তে পারে ফলাফলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থীর সমস্যা রয়েছে প্রধান বিরোধী দল বিএনপিতেও। এ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতাদের তথ্যমতে, ২৪৩টি পৌরসভার মধ্যে অন্তত ১৪৬টিতে দলীয় একাধিক স্থানীয় নেতা প্রার্থী হয়েছেন। এর কারণ অভ্যন্তরীণ দ্বন্দ্ব, যা পৌরসভা নির্বাচনে দলের ভালো ফলাফলের ক্ষেত্রে বাধা হতে পারে।পৌরসভা নির্বাচনের জন্য গঠিত বিএনপির তদারকি সেলের নেতারা জানান, কয়েকটি জেলায় বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে বিদ্রোহী ১০ মেয়র পদপ্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কোথাও কোথাও বিদ্রোহী প্রার্থীর পক্ষে দলের প্রভাবশালী নেতাদের সমর্থন রয়েছে।বিএনপির সূত্র জানায়, বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়িয়ে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে টেলিফোনে বিদ্রোহী নেতাদের বলা হয়েছে। পৌর নির্বাচনে বিভাগীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নেতারাও বিদ্রোহী প্রার্থীদের বোঝাতে কাজ করছেন।বিএনপির নেতারা বলেছেন, দলের কেন্দ্রীয় ও স্থানীয় প্রভাবশালী নেতারা তৃণমূলে নিজেদের প্রভাব বজায় রাখতে কেন্দ্রের নির্দেশ না মেনে প্রার্থী দাঁড় করিয়ে অভ্যন্তরীণ এই সমস্যা জিইয়ে রেখেছেন। তবে প্রায় প্রতিটি পৌরসভায় আওয়ামী লীগের দুই থেকে ছয়জন প্রার্থী থাকায় বিএনপির তেমন সমস্যা হবে না।বিএনপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের পৌরসভাগুলোতে দলীয় বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেশি। এই বিভাগের ৪৯টি পৌরসভার মধ্যে ৩১টিতে একাধিক প্রার্থী রয়েছেন। কোনো কোনোটিতে দলের তিন-চারজন নেতা প্রার্থী হয়েছেন। এ ছাড়া রংপুর বিভাগের ২৭টির মধ্যে ১৩টিতে, ঢাকায় ৩৩টিতে, চট্টগ্রামে ৩২টিতে, সিলেটে আটটিতে, খুলনায় ১৪টিতে এবং বরিশালে ১৫টি পৌরসভায় বিএনপির দুই বা ততোধিক প্রার্থী আছেন।তদারকি সেলের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দায়িত্বপ্রাপ্ত নেতারা বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন-প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটগ্রহণ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তদারকি সেলের প্রধান এম কে আনোয়ার বলেন, ‘দলীয় নির্বাচন না হওয়ায় এ নির্বাচনে দলের একাধিক নেতার প্রার্থী হওয়া অস্বাভাবিক নয়। স্থানীয়ভাবে এ সমস্যা মোকাবিলার চেষ্টা চলছে। আশা করি, সমস্যা হবে না।’প্রভাবশালী নেতাদের কারণে একাধিক প্রার্থী: সূত্র জানায়, ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় মেয়র পদে চারদলীয় জোট থেকে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুইয়াকে সমর্থন দেওয়া হয়। কিন্তু বিএনপির প্রভাবশালী নেতা সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম তাঁর ভাগনের পক্ষে দলের সমর্থন আদায় করেছেন। ফলে সেখানে বিএনপির দুজন প্রার্থী রয়েছেন।পাবনার সাতটি পৌরসভার সব কটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। জানা যায়, এগুলোর কয়েকটিতে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিচ্ছেন খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা শামসুর রহমান শিমুল বিশ্বাস। ফেনী পৌরসভায় সাইদ এস্কান্দারের কারণে প্রার্থী রয়েছেন দুজন।বিএনপির নেতারা জানান, যেসব জেলায় কেন্দ্রীয় ও প্রভাবশালী নেতাদের প্রভাব বেশি, সেগুলোতে বিদ্রোহী প্রার্থীর সংখ্যাও বেশি। তাঁরা দলের অবস্থান মানছেন না। প্রভাবশালীদের কারণে তাঁদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়াও সম্ভব হচ্ছে না।১০ জন বহিষ্কার: বগুড়া ও রাজশাহী জেলার ১০টি পৌরসভায় বিএনপির বিদ্রোহী ১০ মেয়র পদপ্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির নেতারা মনে করেন, রাজশাহী বিভাগে দলের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে প্রভাব ফেলবেন। দলের স্থায়ী কমিটির এক নেতা বলেন, বিদ্রোহী প্রার্থী থাকার কারণে অন্তত ৪০টি পৌরসভায় বিএনপির প্রার্থীরা পরাজিত হতে পারেন।রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত রুহুল কুদ্দুস তালুকদার প্রথম আলোকে বলেন, ‘এই বিভাগের অন্তত ৩০টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী আছেন। এটা একটা বড় সমস্যা। তবে আমি মনে করি দল থেকে বহিষ্কার করা ঠিক নয়। স্থানীয় নেতারা নির্বাচন করলে তা দলের শক্তি বৃদ্ধি করবে।’ তিনি বলেন, ‘আমার নিজ জেলায়ও (নাটোর) এ সমস্যা আছে।’৩৩ পৌরসভায় জামায়াতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির কার্যালয় থেকে জানা গেছে, তাদের কাছে থাকা খবর অনুযায়ী ৩৭টি পৌরসভায় চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর প্রার্থী আছেন। এর মধ্যে চারটিতে জামায়াতের প্রার্থীকে বিএনপি সমর্থন দিয়েছে। সেই হিসাবে বাকি ৩৩টি পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের প্রার্থীরও, যা ভোটে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। জানা গেছে, এ সমস্যা সমাধানে ভোট গ্রহণের আগ পর্যন্ত প্রার্থীদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।