বিএনপির বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল বুধবার রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।দলটির সর্বশেষ মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর থেকে মির্জা ফখরুল দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে মহাসচিবের কাজ চালিয়ে আসছিলেন।গতকালের বৈঠকে নাজমুল হুদার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাজমুল হুদাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এ ছাড়া বৈঠকে কিছু দলীয় কর্মসূচিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির এই জরুরি সভা শুরু হয় রাত সোয়া আটটায়। বৈঠকে স্থায়ী কমিটির প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে রাত সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেরিয়ে এসে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তগুলো জানান। এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান ছিলেন। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিবের পদ না থাকলেও এতে কোনো সমস্যা হবে না। স্থায়ী কমিটি মির্জা ফখরুলকে এ দায়িত্ব দিয়েছে। বৈঠকে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ এপ্রিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা, ১৮ এপ্রিল গ্যাসের দাবিতে, ২৩ এপ্রিল বিদ্যুতের দাবিতে ও ৫ মে শেয়ারবাজার কেলেঙ্কারির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও জেলায় জেলায় স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৯ মে সারা দেশে সমাবেশ কর্মসূচি রয়েছে।বৈঠকের শুরুতে প্রয়াত মহাসচিব বর্ষীয়ান রাজনীতিবিদ খোন্দকার দেলোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়। বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ, ছাত্রদল মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রশিদ হাবিবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।