নির্বাচন নিয়ে রাজশাহীতে বিএনপিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। যেসব আসনে নতুন প্রার্থী দেওয়ার সম্ভাবনা আছে, সেগুলোয় মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। আওয়ামী লীগের তুলনায় বিএনপিতেই উৎসাহ বেশি। রাজশাহী-৩, রাজশাহী-৪ ও রাজশাহী-৬ আসনে মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপক তৎপরতা লক্ষ করা যাচ্ছে। তাঁরা দোয়া চেয়ে ও শুভেচ্ছা জানিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন। টানিয়েছেন ডিজিটাল ব্যানারও। আর প্রার্থী হওয়ার প্রত্যাশা ঘোষণার মধ্য দিয়ে ইফতারে গণসংযোগ তো চলছেই। রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা জানান, চার সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের যে চিত্র দেখা গেছে, তাতে গত সাড়ে ছয় বছরের দমন-নিপীড়নের শিকার বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাঁরা পট পরিবর্তনের স্বপ্ন দেখছেন। এ জন্য তাঁদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ বেশি।আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগের গুটিকয়েক নেতা-কর্মী দলীয় সাংসদদের সঙ্গে থেকে সুবিধা ভোগ করেছেন। সাধারণ কর্মীরা নির্যাতিত হয়েছেন। টাকা ছাড়া তাঁদের কাজ হয়নি। নিবেদিতপ্রাণ কর্মীদের খোঁজ কেউ রাখেননি। এ জন্য নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে কোনো উৎসাহ নেই। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী জানান, আওয়ামী লীগ একই সঙ্গে জনগণের দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি করছে। বিএনপির বর্তমানে রাষ্ট্রীয় দায়িত্ব নেই। আওয়ামী লীগকে বিএনপির চেয়ে সব দিক থেকে দায়িত্বশীল থাকতে হচ্ছে। সে জন্য বিএনপি যা মনে করছে, তা-ই করছে। তবে এতে কোনো কাজ হবে না। অতীতে বিএনপি যে দুর্নীতি করেছে, জনগণ তা ভোলেনি।রাজশাহী-৩ (পবা-মোহনপুর) নির্বাচনী এলাকায় বিএনপির প্রায় অর্ধডজন নেতা শুভেচ্ছা জানিয়ে ও দোয়া প্রার্থনা করে পোস্টার ছড়িয়েছেন। কোনো কোনো নেতার নামে ডিজিটাল ব্যানারও টানানো হয়েছে। প্রায় দিনই কোনো না কোনো মনোনয়নপ্রত্যাশীর উদ্যোগে ইফতার অনুষ্ঠান, সংবাদ সম্মেলনও করা হচ্ছে। গত ২৫ জুন বিকেলে পবার দারুশা হাট চত্বরে বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান পবা-মোহনপুর আসনে দলের প্রার্থী হিসেবে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হককে পরিচয় করিয়ে দেন। শফিকুল হক ডিজিটাল ব্যানার টানিয়ে মনোনয়নপ্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থনা করেছেন এবং এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একই ধরনের পোস্টার-ব্যানার লাগিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহীন শওকত। পোস্টার লাগিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হানুল আলম। ইফতারের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন মনোনয়নপ্রত্যাশী রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন। এখানে শুধু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের পোস্টার চোখে পড়েছে। রাজশাহী-৩ (বাগমারা) আসন এলাকায় সাবেক সাংসদ আবু হেনা, বাগামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান। আবু হেনা এলাকায় না থাকলেও তাঁর পক্ষে চলছে ইফতার অনুষ্ঠান। এখানে আওয়ামী লীগের কোনো নেতার পক্ষ থেকে এ ধরনের কোনো তৎপরতা নেই। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন এলাকায় বাঘা উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান পোস্টার সেঁটে গণসংযোগ করছেন। চারঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ ইফতারের আয়োজন করেছেন। গতবারের প্রার্থী আজিজুর রহমানও এলাকায় গণসংযোগ করছেন। এই আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে শুধু চারঘাট এলাকায় দলীয় ইফতারের আয়োজন করা হয়েছে। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর), রাজশাহী-২ (সদর), রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনে প্রার্থী কারা হবেন, এ বিষয়টি মোটামুটি নিশ্চিত থাকায় এসব নির্বাচনী এলাকায় নতুন নেতাদের দৌড়ঝাঁপ কম। অনেক নেতাই ইফতারের আয়োজন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।