বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিনজন নেতার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালত সমন জারি করেছেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরী আগামী ২৩ সেপ্টেম্বর তাঁদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে করা এক মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে আদালত এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, মামলার অন্য দুই আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। গত বুধবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউল খায়ের চৌধুরী আদালতে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বিএনপির এ তিন নেতা ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ষড়যন্ত্রকারীরা তাঁর কন্যা শেখ হাসিনাকেও হত্যা করার চেষ্টা করছেন। রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির শীর্ষ তিন নেতার হুমকি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। আদালত আগামী ২৩ সেপ্টেম্বর তাঁদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।