বিএনপির মহাসমাবেশ টিভিতে সম্প্রচারে নিষেধাজ্ঞা ছিল না
রাজশাহী থেকে খালেদা জিয়ার মহাসমাবেশ বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে সরকারের কোনো নিষেধাজ্ঞা ছিল না। আজ বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।বিএনপির অভিযোগ, সরকারের নিষেধাজ্ঞার কারণে সমাবেশ টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। এ সংক্রান্ত খবর আজ কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিতও হয়েছে।বিবরণীতে বলা হয়, রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ভাষণ সরকারের নিষেধাজ্ঞার কারণে টেলিভিশনে সরাসরি প্রচার করা হবে না—এমন খবর আজ বুধবার কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই সংবাদের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক। টেলিভিশন চ্যানেলগুলোতে এ সমাবেশ সরাসরি সম্প্রচারে কোনো নিষেধাজ্ঞা নেই।এদিকে আজ মহাসমাবেশে খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার বিএনপিকে ভয় পায়। তাই তারা মহাসমাবেশ সরাসরি সম্প্রচার করতে দেয়নি।