বিএনপির মহাসমাবেশের আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি ডিএমপি
বিএনপির ১২ মার্চের মহাসমাবেশের বিষয়ে এখনো আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার দুপুরে নিজেদের মিডিয়া সেন্টারে অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।ডিএমপির মুখপাত্র জানান, ১২ মার্চের ‘ঢাকায় চলো’ কর্মসূচির নিরাপত্তার পাশাপাশি নগরবাসীর নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে। আজ সকালে রাজারবাগ টেলিকম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। সভায় মহানগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে তদূর্ধ্ব ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মনিরুল ইসলাম জানান, বিএনপির ১২ মার্চের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, এর আগেও বিভিন্ন জঙ্গি গোষ্ঠী রাজনৈতিক কর্মকাণ্ডে হামলা চালিয়েছে। পল্টন ও মতিঝিলের হোটেলগুলোতে কোনো বোর্ডার না রাখার ব্যাপারে তিনি বলেন, অতিথিদের পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে হোটেলে না রাখতে হোটেল মালিকদের পরামর্শ দেওয়া হয়েছে। তা ছাড়া আবাসিক হোটেলগুলোতে আগেও নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালানো হতো। এবার মহাসমাবেশ সামনে রেখে বিষয়টি আরও জোরদার করা হচ্ছে। গণগ্রেপ্তার প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, এ বিষয়টির সঙ্গে তিনি পরিচিত নন। প্রতিদিনই অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। ১২ মার্চের সমাবেশে পুলিশের কতজন সদস্য কাজ করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি মুখপাত্র জানান, গোপনীয়তার কারণে বিষয়টি বলা যাবে না। তবে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে।এ ছাড়া ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া কাপ উপলক্ষেও নিরাপত্তা জোরদার করার বিষয়ে কথা বলেন মনিরুল ইসলাম। কাল বাংলাদেশ -পাকিস্তানের ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে এই আয়োজন শুরু হবে। এতে দুই দলের সমর্থকদের আনন্দ উন্মাদনা থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে পুলিশ নজরদারি করবে বলেও জানান তিনি।