বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুরে আজ বৃহস্পতিবার বিএনপির মিছিলে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। উত্তেজিত বিএনপির কর্মীরা রাজাপুর-আমুয়া সড়ক এক ঘণ্টা অবরোধ করে যানবাহন ভাঙচুর করে। আহত ব্যক্তিরা হলেন—উপজেলা যুবদলের সভাপতি নাসিম আকন, ছাত্রদলের নেতা মো. মামুন, জাহিদ হোসেন, মো. রাসেল, রাসেল সিকদার, ইলিয়াছ হোসেন, গিয়াস উদ্দিন, দৈনিক নয়াদিগন্তের রাজাপুর প্রতিনিধি এনামুল হক, বিপ্লবী বাংলাদেশের রাজাপুর প্রতিনিধি কাওছার হোসেন, রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) হালিম তালুকদার, উপপরিদর্শক আরিফ হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাইনুল হাসান। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নাসিম আকনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে আমরা শহরে একটি মিছিল বের করি। দলীয় কার্যালয় থেকে মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বাইপাস মোড়ে যাওয়ার পথে আওয়ামী লীগের একটি মিছিল থেকে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হন।’ এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খাইরুল আলম সরফরাজ জানান, বিজয় দিবস উপলক্ষে সকালে শহরে একটি আনন্দ মিছিল বের হয়ে বাইপাস মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা বিএনপির একটি মিছিল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেনসহ পাঁচজন নেতা-কর্মী আহত হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ খালেক বলেন, আওয়ামী লীগ ও বিএনপি শহরে মিছিল বের করে। বাইপাস মোড়ে মিছিল দুটি গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হামলাকারীদের প্রতিহত করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের তিন কর্মকর্তা আহত হন বলে তিনি জানান।