বিএনপির মিছিলে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে ডাকা আজ সোমবার টানা দ্বিতীয় দিনের হরতাল শেষ হয়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি মিছিল বের করার চেষ্টা করলেও পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। কোথাও কোথাও পুলিশের সঙ্গে যোগ দেয় ছাত্রলীগও। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় ভোর থেকেই ঘিরে রেখেছে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন কর্মীকেও আটক করা হয়েছে।মালিবাগে আটক ৩: সকাল ১০টা ২০ মিনিটে মালিবাগের সাফেনা হাসপাতালের পাশের গলিতে অর্ধশতাধিক ছাত্রদল কর্মী সংগঠিত হয়ে মূল সড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে সন্দেহভাজন আনোয়ার, জসীম ও শাহ আলম নামের তিনজনকে আটক করে।গ্রীন রোডে গাড়ি ভাঙচুর: সকাল ১০টার দিকে গ্রীন রোড এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে ৩০ জন কর্মী মিছিল বের করে। মিছিলটি গ্রীন রোডের কমফোর্ড হাসপাতালের সামনে থেকে পান্থপথের দিকে যায়। ফেরার পথে তারা একটি সিএনজি ও দুইটি লেগুনা ভাঙচুর করে। ইলিয়াস সরকারের কাছেই আছে, দাবি এ্যানীর: বেলা পৌনে ১০টার দিকে সংসদ ভবনের পশ্চিম পাশ থেকে মিছিল বের করে বিরোধীদলীয় সাংসদরা। মিছিল বের করার আগে তাঁরা একটি সংক্ষিপ্ত সমাবেশও করেন। সমাবেশে সাংসদরা অভিযোগ করে বলেন, ইলিয়াস আলী সরকারের কাছেই আছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ইলিয়াস আলীকে ফেরত না দিলে লাগাতার হরতাল দেওয়া হবে।সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা নিশ্চিত, ইলিয়াস আলী সরকারের কাছেই আছে। আমাদের দাবি, তাঁকে ফেরত দেওয়া হোক, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ শাহজাহানপুরে মিছিল ছত্রভঙ্গ: সকাল সাড়ে নয়টার দিকে শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাড়ির সামনে নেতা-কর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। ককটেল বিস্ফোরণ, আটক ৪: সকাল আটটার দিকে ফকিরাপুল কাঁচা বাজারের পাশে হোটেল আসরের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশ সন্দেহভাজন চারজনকে আটক করে। সাড়ে নয়টার দিকে মতিঝিলে এজিবি কলোনির ভেতরে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। মহাখালীতে পুলিশ-ছাত্রলীগের যৌথ ধাওয়া: সকাল সাড়ে নয়টার দিকে মহাখালীর ওয়্যারলেস গেটে মহাখালী মডেল হাইস্কুলের সামনে দিয়ে ছাত্রদল একটি মিছিল বের করে। মূল সড়কের কাছাকাছি এসে মিছিল থেকে রাস্তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় উপস্থিত পুলিশ ও তিতুমীর কলেজ ছাত্রলীগ তাঁদের ধাওয়া করে। ধাওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীরা গলির ভেতরে একটি বাড়িতে ঢুকে যায়। পুলিশ সেখানে গিয়ে তাদের ধরার চেষ্টা করলে তাঁরা পালিয়ে যায়।নয়াপল্টনে মিছিলে বাধা, আটক ৪: হরতালের সমর্থনে ভোর পাঁচটা ২০ মিনিটে বিএনপি কার্যালয়ের সামনে মিছিল বের করার চেষ্টা করে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় চার কর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপির কার্যালয় ঘিরে পুলিশ: আজ ভোর থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। নেতা-কর্মীদের জড়ো হয়ে সেখানে মিছিল করতে দিচ্ছে না তারা। কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মির্জা রুহুল কবির রিজভীসহ গুটিকয়েক নেতা-কর্মীরা অবস্থান করছেন। মিরপুর-১-এ বোমা বিস্ফোরণ: মিরপুর-১ নম্বরে আজ সোমবার দুপুরে একদল যুবক বোমা ফাটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই যুবকেরা পালিয়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ সকাল থেকে শুরু করে বেলা একটা পর্যন্ত মিরপুর-১ নম্বর এলাকায় আটটি হরতাল-বিরোধী মিছিল হয়েছে।মিরপুর থানার অপারেশন অফিসার আবু বকর জানিয়েছেন, হরতালের সময় মিরপুরে বড় কোনো অপ্রীতকর ঘটনা ঘটেনি।প্রসঙ্গত, ১৭ এপ্রিল রাত থেকে সিলেট বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ইলিয়াস আলী নিখোঁজ। তাঁকে বহনকারী গাড়িটি ওই দিন মধ্যরাতে বনানীর রাস্তায় দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে ও তাঁর উদ্ধারের দাবিতে ১৭ এপ্রিল রাতে দলীয় বৈঠকে গতকাল ২২ এপ্রিল হরতাল পালনের সিদ্ধান্ত হয়। কিন্তু গতকাল পর্যন্ত তাঁকে উদ্ধার কিংবা তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় হরতাল-পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে আজ সোমবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।