যশোর জেলা বিএনপির ডাকে কাল শনিবার শহরে আধাবেলা হরতাল কর্মসূচি পালিত হবে।হরতালের সমর্থনে আজ শুক্রবার বিকেলে শহরে বিএনপি ও ছাত্রলীগের উদ্যোগে পাল্টাপাল্টি মিছিল বের করা হয়। বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এদিকে ছাত্রলীগের মিছিল থেকে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে যশোর পৌরসভার মেয়র শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া লাঠিপেটায় বিএনপির ১১ জন কর্মী আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন বলে জানা গেছে। হরতালের সমর্থনে জেলা বিএনপির উদ্যোগে শহরের লালদীঘিপাড়ের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। পুলিশ দলীয় কার্যালয়ের সামনে, গাড়িখানা, বড় বাজারসহ বিভিন্ন স্থানে লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এদিকে, দড়াটানা মোড়ের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে পুলিশ পাহারায় ছাত্রলীগের উদ্যোগে হরতালবিরোধী একটি মিছিল বের করা হয়। এ সময় মিছিল থেকে কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক প্রথম আলোকে বলেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। মিছিলের মানুষের চাপে পৌরসভার মেয়র মারুফ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিছিলে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, জানমালের নিরাপত্তার স্বার্থে বিএনপির মিছিলে বাধা দেওয়া হয়েছে। তবে কোনো লাঠিপেটা করা হয়নি। তাই পুলিশের লাঠিতে মেয়র আহত হওয়ার অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন।