পুলিশসহ বিএনপির ১৬৯ জন নেতা-কর্মী আহত, গ্রেপ্তার ৪৬
বিএনপির মিছিলে পুলিশের হামলা, ব্যাপক সংঘর্ষ
হবিগঞ্জ, মাগুরা, সাতক্ষীরা, ফরিদপুর, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার বিএনপি ও এর অঙ্গসংগঠনের মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। ঘটেছে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এতে পুলিশসহ বিএনপির ১৬৯ জন নেতা-কর্মী আহত হয়েছেন।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুম’ করার প্রতিবাদে সারা দেশে আজকের হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা গতকাল সারা দেশে মিছিল ও সমাবেশ করেন। এ ছাড়া আজকের হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানাচ্ছেন ঢাকার বাইরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।হবিগঞ্জ: জেলা শহরে গতকাল বিকেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ ও ১০ জন পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৪০টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করে। সংঘর্ষকালে শহরে ব্যাটারিচালিত পাঁচটি অটোরিকশা, জেলা শিক্ষা অফিস, শিল্পকলা একাডেমীসহ ১৫ থেকে ১৬টি দোকানপাট ভাঙচুর করা হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ দাবি করেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিলে অযথা হামলা চালিয়ে পরিস্থিতি অশান্ত করে এবং বিএনপির নেতা-কর্মীদের এলোপাতাড়ি মারধর ও লাঠিপেটা করে।মাগুরা: সকাল ১০টার দিকে মাগুরা শহরের আনসার কলোনির সামনে বিএনপির মিছিলে হামলা চালায় পুলিশ। মিছিলটি ছত্রভঙ্গ করতে তারা পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। মিছিলকারীরাও পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। শহরের এজি একাডেমি মাঠ এলাকায়ও পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এর আগে গতকাল ভোরে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এসব ব্যাপারে সহকারী পুলিশ সুপার এস এম শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘কিসের জন্য হরতাল? আমরা হরতাল হতে দেব না। ডিআইজির নির্দেশ আছে। বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার অভিযান চলবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। দেখি, তারা কীভাবে হরতাল করে।’সাতক্ষীরা: শহরের নিউমার্কেট চত্বর এলাকায় গতকাল বিকেলে মিছিল করার সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। সংঘর্ষে ছয় পুলিশ ও পাঁচ বিএনপিকর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ১১ কর্মীকে গ্রেপ্তার করেছে।কালকিনি (মাদারীপুর): কালকিনি উপজেলা সদরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের উপস্থিতিতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিএনপির ১৫ জন নেতা-কর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।পটুয়াখালী: শহরের শেরেবাংলা সড়কের বটতলা মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম দাবি করেন, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে পুলিশ মৃদু লাঠিপেটা করে।ফরিদপুর: শহরের নীলটুলী মহল্লায় রাজেন্দ্র মেডিকেল হলের সামনে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্বেচ্ছাসেবক দলের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। গ্রেপ্তার করেছে দলের দুই নেতাকে।পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপির মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হন পুলিশসহ অন্তত ৩০ জন নেতা-কর্মী। পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতা এবং এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার থানা মোড়ে দুপুর ১২টার দিকে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির বিক্ষোভ মিছিল। লাঠিপেটায় আহত হয়েছেন অন্তত ২০ নেতা-কর্মী।সরিষাবাড়ী (জামালপুর): উপজেলার আরামনগর বাজারে গতকাল সন্ধ্যায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের তিন কর্মকর্তাসহ ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের সাতটি শেল ও ১০টি রাবার বুলেট ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে চারজনকে।মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরে মিছিল করায় বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করে পুলিশ। এ সময় আহত হন অন্তত ১৫ নেতা-কর্মী।ঝালকাঠি: ঝালকাঠি শহরে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির মিছিল। নেতা-কর্মীরা পরে ফায়ার সার্ভিস মোড়ের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন।মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়া পৌর শহরে গতকাল বিকেলে পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়ে গেছে বিএনপির মিছিল। বেধড়ক লাঠিপেটায় আহত হয়েছেন অন্তত তিন নেতা-কর্মী।রাজবাড়ী ও গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় গত শুক্রবার রাতে বিএনপি ও যুবদলের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।নারায়ণগঞ্জ: শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গতকাল বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে।নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলার জয়পাড়া চৌরাস্তায় গতকাল সকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ঘটনাস্থল থেকে বিএনপির আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।