বিএনপির মিছিলে লাঠিচার্জ, দুলুসহ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ছয়জন আহত হয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দুপুরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির চার কর্মীকে আটক করেছে।আহত অন্যরা হলেন দেওয়ান শাহীন, শেখ এমদাদুল হক, আল মামুন, শফিকুর রহমান ও শহীদ মাহমুদ। তাঁরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।নাটোর সদর থানা, জেলা বিএনপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি শহরের ওয়াপদা মোড়ে পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা ঘুরে স্টেশন বাজারের দিকে যেতে থাকে। মিছিলটি বড়গাছা খাদ্যগুদামের কাছে পৌঁছানো মাত্র পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে।এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে সরকারি এনএস কলেজের মাঠে অবস্থান নেয়। সেখান থেকে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় আধা ঘণ্টা ধরে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।পরে পুলিশ বিএনপির কর্মী রিপন, মুক্তা, মালেক ও কালামকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন,‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। কিন্তু পুলিশ উদ্দেশ্যমূলক মিছিলটি থামিয়ে দিয়ে লাঠিচার্জ করে।’রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং আটক কর্মীদের মুক্তি দাবি করেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মিছিল থেকে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করা হচ্ছিল। মিছিলে লাঠিচার্জ করা হয়নি।