বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। দলটি কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। বন্দুকের নলে তাদের জন্ম। তারা কোনো দিন গণতন্ত্রের সহায়ক হতে পারে না। বিএনপি চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভায় মার্চ মাসজুড়ে দলীয় কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন একদলীয় নির্বাচন করেছিল। সেদিন তারা সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী মোতায়েন করেছিল। মনে হচ্ছিল দেশে তখন যুদ্ধাবস্থা চলছে। আজ তারা বড় বড় কথা বলে। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। সেই নির্বাচনে বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি। এমনকি তাদের শরিক জামায়াতও অংশ নেয়নি। কেবল বঙ্গবন্ধুর খুনি ফারুক-রশিদের দল অংশ নিয়েছিল। সভায় তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি বিএনপির একদলীয় নির্বাচনের দিনটিকে আওয়ামী লীগ ‘কালো দিবস’ হিসেবে পালন করবে।২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, বিএনপির পূর্বসূরিরা রাষ্ট্রভাষা বাংলাকে কেড়ে নিতে চেয়েছিল। জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের কোনো কর্মসূচি করতে দেওয়া হয় না উল্লেখ করে দলের এই নেতা বলেন, এটা যদি ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে, তাহলে তা জাতির জন্য দুঃখজনক।এ ছাড়া সভায় ৭, ১৭ ও ২৬ মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে দলটি ৩০ মার্চ স্বৈরাচার পতন দিবস পালন করবে।