বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হতে পারে আজ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না সে ব্যাপারে আজ রোববার দলের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হলে বৈঠকে প্রার্থীর নামও চূড়ান্ত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। বৃহস্পতিবার রাতে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রামের নেতারা নির্বাচনে যাওয়ার পক্ষে মত দেন। ওই বৈঠকে নগর বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সর্বসম্মত প্রার্থী করতে উপস্থিত নেতারা অনুরোধ করেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় প্রার্থী চূড়ান্ত করার ভার এখন চেয়ারপারসনের ওপর পড়েছে। চেয়ারপারসন আজ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রথম আলোকে জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিতে পারে। প্রার্থী চূড়ান্ত হবে কাল (আজ রোববার) দলের স্থায়ী কমিটির সভায়। দলীয় সূত্র জানায়, আমীর খসরু প্রার্থী হতে রাজি না হওয়ায় আওয়ামী লীগসমর্থিত নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে মোকাবিলায় শক্ত প্রার্থী দেওয়ার কথা ভাবছে বিএনপি। তাই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বিতর্কের ঊর্ধ্বে থাকা এবং মহিউদ্দিনকে মোকাবিলা করার মতো জনপ্রিয় প্রার্থী খুঁজছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘নগর বিএনপির সভাপতি হিসেবে আমরা খসরুকে সর্বসম্মত প্রার্থী হতে অনুরোধ করি। তিনি রাজি হননি। তাই মহিউদ্দিনকে মোকাবিলা করতে বিকল্প শক্ত প্রার্থী চায় তৃণমূলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাতের বৈঠকে আবদুল্লাহ আল নোমান উপস্থিত থাকলে আমরা খসরুর পরিবর্তে তাঁকেই সর্বসম্মত প্রার্থী হিসেবে নাম প্রস্তাব করে চেয়ারপারসনের কাছে পাঠাতাম।’ গিয়াসউদ্দিন বলেন, ‘নোমান প্রার্থী হলে তাঁকে নগর বিএনপির আহ্বায়ক করতে হবে। স্বল্প সময়ের মধ্যে তিনি নগর বিএনপির কমিটি সাজিয়ে নির্বাচনে নামলে মহিউদ্দিনকে মোকাবিলা করা সহজ হবে। নইলে তাঁর জিতে আসা দুরূহ।’তবে নোমান প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেননি বলে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। তবে দল চাইলে তিনি নির্বাচন করবেন বলে তাঁর অনুসারীরা জানান।নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘আমীর খসরু সম্ভাবনা কাজে লাগাননি। জ্যেষ্ঠ নেতাদের কেউ প্রার্থী হতে না চাইলে আমি হয়তো প্রার্থী হয়ে চমক সৃষ্টি করতে পারি।’দলীয় সূত্র জানায়, চট্টগ্রামে আমীর খসরুর অবস্থান অনেকটা মজবুত। তবে কেন্দ্রে নোমানের অবস্থান সুসংহত। খসরু নির্বাচন করবেন না বলে সিদ্ধান্ত নেওয়ায় বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী নির্ধারণ জটিল হয়ে পড়েছে।