বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন গ্রেপ্তার
বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার রাতে গ্রেপ্তারের পর তাঁকে রাজধানীর মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ডিবির একটি দল আজ রাতে গুলশান এলাকা থেকে গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে তার সংসদীয় এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়ায়) রাতে ১৬টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ সূত্রগুলো জানায়, সাম্প্রতিক হরতালে গাড়ি পোড়ানো ও অগ্নিসংযোগের অভিযোগে প্রচুর মামলা হয়েছে। এ সমস্ত মামলার কোনো একটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তারা আসলে জানতেনই না তিনি কোনো মামলার আসামি।বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, রাত পৌনে ১০টার দিকে সালাহউদ্দিন আহমেদ গুলশান-২ এ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খানের বাসা থেকে বের হন। এসময় বাসার নিচে আগে থেকে অবস্থান নেওয়া ডিবি পুলিশ সালাহউদ্দিন আহমেদকে একটি গাড়িতে তুলে নেয়। তাঁকে গাড়িতে ওঠানোর সময় আটকের কারণ জানতে চাইলেও ডিবি পুলিশ কিছু বলেনি। আজ বিকেলে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলন করেন। এর পরই তাঁকে গ্রেপ্তার করা হলো।গত রোববার ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির আট নেতাকে কারাগারে পাঠান আদালত। এর পরই গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে কাল মঙ্গলবার সকাল থেকে টানা ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয় দলটি। এরমধ্যেই গ্রেপ্তার হলেন সালাউদ্দিন।চকরিয়া-পেকুয়ায় বিক্ষোভ, ১৬টি গাড়ি ভাঙচুরকক্সবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে তার সংসদীয় এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়ায়) আজ রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ারা চকরিয়া পৌরসভায় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি ভলবো এসি বাস, তিনটি ট্রাক, দুটি জিপ ও পাঁচটি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় প্রায় ১০টি ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে লোকজন দিকবেদিক ছুটতে থাকে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে মিছিল বের করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’এদিকে রাত ১১টার দিকে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করে। এসময় দুটি মোটরসাইকেল ও তিনটি মাইক্রোবাস ভাঙচুরের খবর পাওয়া গেছে।দুই ছাত্রদল নেতা গ্রেপ্তারএদিকে রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাঁটাবন এলাকা থেকে ছাত্রদলের সদ্য সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক রয়েল ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজমল হোসেন পাইলটকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ।নিউমার্কেট থানার উপপরিদর্শক আনসারুল ইসলাম জানান, ওই দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ রয়েছে।