বিএনপির লক্ষ্য অন্তত একটি আসনে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনকে নিজ দলের ও সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের মাপকাঠি হিসেবে দেখছে বিএনপি। দলটির নীতিনির্ধারকেরা মনে করেন, এ নির্বাচনে দলটির হারানোর কিছু নেই। একটি আসনেও যদি দলীয় প্রার্থী বিজয়ী হন, সেটাও বিএনপির জন্য বিরাট অর্জন হবে। সেটাকে সরকারের জনপ্রিয়তা হ্রাসের আরেকটি প্রমাণ হিসেবে জনগণের সামনে তুলে ধরার সুযোগ আসবে।উপনির্বাচন সামনে রেখে উভয় আসনে বিএনপির নেতারা দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি সামনে নিয়ে এসেছেন। একই সঙ্গে সাম্প্রতিক পৌর নির্বাচন ও এর আগের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়কে সরকারের প্রতি জনগণের অনাস্থার প্রকাশ বলে প্রচার করা হচ্ছে।দুটি আসনে দলীয় প্রার্থীর পক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। স্থানীয় নেতা-কর্মীরা ছাড়াও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উভয় নির্বাচনী এলাকায় প্রচার-গণসংযোগসহ সরকারের নানা ব্যর্থতার চিত্র তুলে ধরে প্রচারপত্র বিলি করা হচ্ছে।বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, উপনির্বাচনে বিএনপির হারানোর কিছু নেই। কারণ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে দুটি আসনের প্রতিটিতেই বিএনপির প্রার্থী প্রায় ৭৩ হাজার ভোটে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন। তাই উপনির্বাচনে ভোটের ব্যবধান কমিয়ে আনতে পারলেও তা সরকারের প্রতি জনগণের অনাস্থার একটা বহিঃপ্রকাশ বলে বিবেচিত হবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আসনটি বরাবরই বিএনপি পেয়ে আসছিল। আর হবিগঞ্জে আওয়ামী লীগের ভালো অবস্থান রয়েছে। তাই বিএনপির লক্ষ্য, ব্রাহ্মণবাড়িয়ার আসনটি পুনরুদ্ধার করা। অবশ্য উপনির্বাচনে নির্বাচনী প্রচারকাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোর কাছে দাবি করেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি উভয় আসনে জিতবে। কারণ, জনগণ যে সরকারকে প্রত্যাখ্যান করেছে, পৌর নির্বাচনের ফল তার বড় প্রমাণ।বিএনপি থেকে হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে খালেদ হোসেন মাহবুব প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত হওয়ায় বিএনপির নেতারা সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদী।অবশ্য দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, প্রশাসন সরকারদলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে। নির্বাচনী এলাকায় বিএনপির নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়া-৩: দলীয় সূত্র জানায়, ২০০৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন হারুন আল রশিদ। তিনি আর্থিক সংকটের কথা বলে উপনির্বাচনে প্রার্থী হতে অপারগতা প্রকাশ করেন। এরপর সেখানে খালেদ হোসেন মাহবুবকে দলীয় প্রার্থী করা হয়। পেশায় ব্যবসায়ী এই প্রার্থী গত সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে মাঠে নেমে এলাকায় পরিচিতি পান।স্থানীয় সূত্রগুলো জানায়, হারুন আল রশিদ ও তাঁর অনুসারীরা এখন খালেদ হোসেনের পক্ষে মাঠে নেমেছেন। উপনির্বাচনে বিজয়ী হবেন বলে খালেদ হোসেন প্রথম আলোর কাছে আশাবাদ ব্যক্ত করেন। হবিগঞ্জ-১: এই আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে। স্থানীয়ভাবে জনপ্রিয় আওয়ামী লীগের সাংসদ দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।বিএনপির এক নেতা বলেন, ফরিদ গাজীর নিজস্ব ‘ভোট ব্যাংক’ ছিল। এখন সেটা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে থাকার সম্ভাবনা কম। স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া এই আসনে তিনবার নির্বাচন করেছেন। মানুষ তাঁকে চেনে। সেদিক থেকে আওয়ামী লীগের প্রার্থী ততটা পরিচিত নন। তাই সুজাত মিয়া ‘সহানুভূতির’ ভোট পাওয়ার চেষ্টা করছেন। অবশ্য শেখ সুজাত মিয়ার আশঙ্কা, সরকার নির্বাচনে প্রভাব সৃষ্টির চেষ্টা করবে।