সংসদের ষষ্ঠ অধিবেশন কাল সোমবার শুরু হচ্ছে। এই অধিবেশনে বিএনপি যাবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মঙ্গলবার।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।তবে বিএনপির মহাসচিবের বক্তব্যে এটা স্পষ্ট, এ অধিবেশনের প্রথম দিন সংসদে প্রধান বিরোধী দলকে দেখা যাবে না।এর আগে গত শুক্রবার সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বিএনপির পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরেন এবং সংসদে যাওয়ার পূর্বশর্ত হিসেবে দাবিগুলো পূরণের জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানান।গতকাল বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই বৈঠকে সংসদে যাওয়া না-যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন: সংবাদ সম্মেলনে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যার ঘটনায় তদন্ত চলাকালে প্রধান সন্দেহভাজন সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর পক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাফাই প্রমাণ করে, সরকার প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না।খোন্দকার দেলোয়ার বলেন, একজন খুনের মামলার আসামিকে নাশতার টেবিলে ডেকে তাঁকে আসামি না করার মতো বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ কমিশনারের সাফাই বক্তব্যের মতলবটা কী, তা জনগণ বুঝে গেছে।বিএনপির মহাসচিব অভিযোগ করেন, তাঁদের দলের ৭০ জন নেতার বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিমানবন্দরে তালিকা দিয়েছে সরকার। তিনি অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, একটি নির্বাচিত সরকার এ ধরনের তালিকা করতে পারে না।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ, রুহুল কবীর রিজভী আহম্মেদ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।