বিএনপির সঙ্গে আলোচনা চায় সরকারি দল
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হলেও রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে নেই সরকার ও আওয়ামী লীগ। একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিকল্প পন্থা বের করার চিন্তাভাবনা আছে দলের মধ্যে। এ ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে চান সরকারি দলের নেতারা। যৌক্তিক প্রস্তাব পেলে নতুন করে সংবিধান সংশোধনেও আপত্তি নেই নেতাদের। নতুন কোনো ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও তাঁরা মনে করছেন। জ্যেষ্ঠ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে সরকারের এমন অবস্থান সম্পর্কে জানা গেছে।সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার পরও জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি তাদের কাছে নতুন প্রস্তাব চেয়েছেন। একইভাবে বাজেট আলোচনায়ও প্রধানমন্ত্রী বলেছেন, মহাজোটের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা আছে। বিরোধী দল সংসদে ন্যায্য প্রস্তাব নিয়ে এলে তা গ্রহণ করা যেতে পারে।স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘সংবিধান শাশ্বত কিছু নয়। এটি পরিবর্তনের সুযোগ আছে।’ তিনি বিরোধী দলকে নতুন প্রস্তাব নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে আলোচনার বিকল্প নেই।সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ব্যাপারে আওয়ামী লীগের দলীয় অবস্থান সঠিক বলে মনে করেন শীর্ষস্থানীয় নেতারা। উচ্চ আদালতের রায় মানতে এ ব্যবস্থা বাতিল করা ছাড়া সরকারের কোনো উপায় ছিল না বলে জানান তাঁরা। তবে কেবল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, এমনটা মানতে রাজি নন সরকারের নীতিনির্ধারকেরা। তাঁদের মতে, নতুন কোনো ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব।জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনকে গ্রহণযোগ্য করার ব্যাপারে সরকারের সদিচ্ছার অভাব নেই। রায়ের বাধ্যবাধকতায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। বিরোধী দল সংসদে নতুন প্রস্তাব নিয়ে এলে, আলোচনা করলে নিশ্চয়ই একটা পথ বেরোবে। এ ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক।’সংবিধান সংশোধনী বিল পাস হওয়ার পর বিরোধীদলীয় নেতা সংঘাত অনিবার্য বলে মন্তব্য করায় মতিয়া চৌধুরী সমালোচনা করে বলেন, এখন কোনো নৈরাজ্য বা অঘটন ঘটলে তার দায় তাঁকে নিতে হবে।আওয়ামী লীগের নেতাদের মতে, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাঠ গরম করলেও নির্বাচন কমিশনে গঠন-প্রক্রিয়া নিয়ে কিছু বলছে না। অথচ নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পক্ষে মত দিচ্ছেন সরকারি দলের নেতারা। সূত্র জানায়, আওয়ামী লীগ নির্বাচন কমিশনের গঠন-প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে চায়। আর্থিক স্বাধীনতা ছাড়াও সরকারি দল ও বিরোধী দলের আলোচনায় মতৈক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হলে নিরপেক্ষ ও শক্তিশালী কমিশন গঠন সম্ভব হবে বলে মনে করেন দলটির নেতারা।এ প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠনের পক্ষে নই। আমরা একটি নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে চাই।’নানা কারণেই আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। দলের শীর্ষস্থানীয় নেতারা আশঙ্কা করছেন, তত্ত্বাবধায়ক সরকার এলে আবার অরাজনৈতিক সরকার আসবে। গত তিনটি তত্ত্বাবধায়ক সরকারের নানা দুর্বলতায় তাঁরা এটাই ধরে নিয়েছেন। বিশেষ করে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক নেতাদের নানা হয়রানির কারণে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে আওয়ামী লীগ দলগতভাবে অবস্থান নিয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করলে অরাজনৈতিক শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নির্বাচনকালে নতুন ধরনের অন্তর্বর্তী সরকার গঠনে দলটির আপত্তি নেই। এ ক্ষেত্রে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে চান না দলীয় নেতারা। বিরোধী দলের সঙ্গে আলোচনায় একটি গ্রহণযোগ্য পন্থা বের করতে চান তাঁরা। এ জন্য নতুন করে সংবিধান সংশোধন করতেও আপত্তি থাকবে না বলে জানিয়েছেন দলীয় নেতারা। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘সংবিধান কোরআন-বাইবেল নয় যে তা পরিবর্তন করা যাবে না। রাজনৈতিক বাস্তবতায় আবার সংশোধন করা যেতে পারে। বিরোধী দল যৌক্তিক প্রস্তাব নিয়ে এলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তা গ্রহণ করতে আমাদের আপত্তি নেই।’আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আলোচনায় বিরোধী দলের সঙ্গে মতৈক্য চাইলেও আন্দোলন বা চাপের মুখে কিছু করবে না দলটি। বিরোধী দল আন্দোলনের পথে গেলে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলার নীতিগত সিদ্ধান্ত আছে দলীয় নেতাদের। তাঁরা মনে করেন, আন্দোলন করে আওয়ামী লীগের সরকারকে বিরোধী দল কিছু করতে পারবে না। অতীতে কখনো আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়নি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে অভিজ্ঞ এই দলটির নেতারা আন্দোলনের মাঠে বিরোধী দলকে কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন।এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, হরতালের রাজনীতি করে দাবি আদায় হবে না। ৩০ জুনের সংবিধান সংশোধনেরও বিন্দুমাত্র পরিবর্তন হবে না। আওয়ামী লীগের আন্দোলন-সংগ্রামের ৫০ বছরের রেকর্ড আছে।