বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের দূরত্ব নেই: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো দূরত্ব নেই। আজ সোমবার কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে সিইসি তা এড়িয়ে যান। তিনি বলেন, ‘কমিশন কাজের মধ্য দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করবে। সব দলেরই আস্থা অর্জনে আমরা সচেষ্ট আছি। নিবন্ধিত ৩৮টি দলের সবাইকে কমিশন সমান গুরুত্ব দেয়, যাতে নিরপেক্ষতায় কোনো ঘাটতি না থাকে।’ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার কথা জানালেও কবে নাগাদ তা হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দেননি সিইসি। তিনি বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। সবার পরামর্শ অবশ্যই নেওয়া হবে।’ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে কাজী রকিব বলেন, নির্বাচনের আগে একটি তারিখ নির্ধারণ করা হবে। ওই তারিখের পর দশম সংসদ নির্বাচনের জন্য কোনো দলের নিবন্ধনের আবেদন নেওয়া হবে না। যথাসময়ে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।