বিএনপির সঙ্গে মাঠে থাকবে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলাদাভাবে হরতালের ঘোষণা দিলেও বিএনপির সঙ্গে মিলেমিশে মিছিল ও পিকেটিং করবে জামায়াত।দলটির একাধিক সূত্র গতকাল বুধবার প্রথম আলোকে এ তথ্য জানায়।সোমবার রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গ্রেপ্তার এড়াতে জামায়াত নেতাদের বেশির ভাগই বাসায় থাকছেন না। তাঁরা মুঠোফোন বন্ধ রাখছেন। হরতালে আলাদাভাবে মিছিল-পিকেটিং করতে গেলে পুলিশের ধরপাকড়ের মুখে পড়তে পারেন বলে দলটির নেতারা আশঙ্কা করছেন। তাই গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে বিএনপির সঙ্গে মিলেমিশে পিকেটিং করতে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সুযোগ পেলে পুলিশের চোখ এড়িয়ে পাড়া-মহল্লার ভেতরের রাস্তায় একক মিছিল করতেও বলা হয়েছে বলে সূত্রগুলো জানায়।জানতে চাইলে দলটির মহানগর শাখার একজন নেতা বলেন, হরতালে আলাদা পিকেটিং করার সম্ভাবনা খুবই কম। বিএনপির সঙ্গে মিলেমিশে হরতাল পালন করা হবে। পুলিশের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন—এই আশঙ্কায় এই নেতা নাম প্রকাশে রাজি হননি।দলটির আরেকটি সূত্র জানায়, গ্রেপ্তার-আতঙ্কে জামায়াতের কেন্দ্রীয় ও মধ্যম সারির নেতাদের পাশাপাশি অনেক ওয়ার্ড পর্যায়ের নেতাও আত্মগোপনে আছেন। এ অবস্থায় হরতালে নেতাদের উপস্থিতি থাকার সম্ভাবনা কম। কর্মীদের মাঠে থাকতে বলা হয়েছে।পুলিশের ব্যাপক নজরদারির পরও গতকাল বুধবার রাজধানীর ছয়টি স্থানে হরতালের পক্ষে চোরাগুপ্তা মিছিল করেছে জামায়াতের কর্মীরা। তাঁরা বেলা একটায় যাত্রাবাড়ীর চৌরাস্তা, দেড়টায় রামপুরা টেলিভিশন সেন্টারের পাশে, দুইটায় মোহাম্মদপুর রেসিডেনসিয়াল মডেল স্কুলের পশ্চিম ফটকে, তিনটায় রায়েরবাজার, চারটায় আরামবাগ আল হেলাল মসজিদের পাশে ও পাঁচটায় মিরপুরে বিআরটিএর কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে।