বিএনপির সঙ্গে সমন্বয় হচ্ছে না জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সঙ্গে মাঠের আন্দোলনে সমন্বয় হচ্ছে না ১৮ দলীয় জোটের বড় শরিক জামায়াতে ইসলামীর। সরকারবিরোধী আন্দোলনের কৌশল ও ধরন নিয়ে সমন্বয়হীনতার কারণে ক্ষোভ-হতাশা আছে দলটির নীতিনির্ধারকদের মধ্যে।যুদ্ধাপরাধের বিচারসহ নানা মামলা-মোকদ্দমায় জড়িয়ে কঠিন চাপে পড়া জামায়াতে ইসলামীর নীতিনির্ধারকেরা মনে করেন, কঠোর ও লাগাতার কর্মসূচি দিয়ে এ সরকারের পতন ঘটানো ছাড়া মুক্তি পাওয়ার দ্বিতীয় কোনো বিকল্প নেই। তাঁদের ধারণা, একের পর এক হত্যা, গুম, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, দুর্নীতিসহ বহুমুখী জনদুর্ভোগের কারণে সাধারণ মানুষ এখন সরকারের ওপর চরম বিরক্ত। এ সুযোগ কাজে লাগিয়ে কঠোর কর্মসূচি দিয়ে ঝুঁকি নিয়ে মাঠে নামলে সরকারকে পর্যুদস্ত করা সম্ভব।জামায়াত সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গুলশানে অনুষ্ঠিত ১৮ দলীয় বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে জোটের দুই নেতা বিষয়টি তোলেন। কিন্তু খালেদা জিয়া আরও সময় নিয়ে ধীরে-সুস্থে এগোনোর পক্ষে মত দেন।জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামীসহ দলের ছয়জন নেতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি। আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ গ্রেপ্তার হওয়ার পর নিযুক্ত দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামও কারাবন্দী। নিজামী গ্রেপ্তার হওয়ার পর ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পাওয়া মকবুল আহমাদ, আজহারুল ইসলামের গ্রেপ্তারের পর নিযুক্ত ভারপ্রাপ্ত সেক্রেটারি শফিকুর রহমান ও দলের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম আত্মগোপনে আছেন। বাইরে থাকা নেতারা গত ১৯ সেপ্টেম্বর থেকে দলের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়ে যেতে পারেন না।সংশ্লিষ্ট সূত্র জানায়, এ রকম পরিস্থিতিতে বিএনপির সঙ্গে এক হয়ে কঠোর কর্মসূচি নিয়ে কার্যকরভাবে মাঠে নামতে চায় জামায়াত। সম্প্রতি ১৮ দলীয় জোটের ঢাকা মহানগর কমিটির যৌথ সভায় বিষয়টি আলোচনা হয়। বিগত হরতালে ১৮টি জায়গা ঠিক করে সমন্বয় করার জন্য বিএনপির নেতাদের দায়িত্বও দেওয়া হয়। শেষ পর্যন্ত কার্যকর হয়নি।দলটির কেন্দ্রীয় ও মহানগর কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বললে তাঁরা এর সত্যতা স্বীকার করে হতাশার কথা জানান। নাম প্রকাশ না করার শর্তে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দুজন সদস্য জানান, সরকারবিরোধী আন্দোলনের ক্ষেত্রে বিএনপির সুনির্দিষ্ট পথরেখার ব্যাপারে অস্পষ্টতা আছে। প্রায় লক্ষ্যহীন ও এলোমেলোভাবে আন্দোলন কর্মসূচি দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে জোটের হরতাল কর্মসূচিতে জামায়াত মুখ রক্ষার জন্য অংশগ্রহণ করলেও ঝুঁকি নিয়ে কর্মীদের মাঠে নামানো থেকে বিরত আছে।দলের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, যুদ্ধাপরাধের বিচারের বিষয় নিয়েও বিএনপি ও জামায়াতের মধ্যে একধরনের দূরত্ব বজায় আছে। সাম্প্রতিক সভা-সমাবেশগুলোতে বিএনপির নেতারা এ বিষয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন। বিষয়টি নিয়ে জামায়াতের ভেতরে নেতিবাচক প্রতিক্রিয়া আছে। দল দুটির মধ্যে সমন্বয় না হওয়ার পেছনে এটিও বড় কারণ বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ অবস্থায় সাংগঠনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে পরিস্থিতির আলোকে বিকল্প নির্ধারণের কথা ভাবছে জামায়াত।জানতে চাইলে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধের বিচার জাতীয়তাবাদী ও ইসলামি শক্তিকে ধ্বংস করার একটি দেশীয় ও আন্তর্জাতিক এজেন্ডা। তাই বিএনপিকে কথিত যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে জড়তা ভেঙে বের হয়ে আসতে হবে।যত দিন সম্ভব আত্মগোপনে থাকবেন: ২৯ এপ্রিল সচিবালয়ে বোমা বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলার আসামি জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ দুই মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, দলের ঢাকা মহানগর কমিটির সহকারি সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল ও ছাত্রশিবিরের সভাপতি দেলাওয়ার হোসেন সাঈদীকে আসামি করা হয়।জামায়াতের একটি সূত্র জানায়, দলীয় সিদ্ধান্তের আলোকেই দলের তিন নেতা ১৮ দলীয় জোটের অন্য নেতাদের সঙ্গে উচ্চ আদালতে জামিন আবেদন করেননি। তাঁদের আশঙ্কা, আদালত জামিন আবেদন নাকচ করে দিলে তাঁরা আর ফিরতে পারতেন না। আদালতের বাইরে আসামাত্র তাঁদের গ্রেপ্তার করা হতো। মকবুল আহমাদের বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর কাকরাইলে সহিংস ঘটনায় পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। অন্য দুজনের বিরুদ্ধেও একাধিক মামলা আছে।জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, ‘আগাম জামিন চাইতে গিয়ে যদি হাইকোর্ট থেকে ফেরত আসতে না পারেন, তাহলে কোর্টে যাবেন কোন দুঃখে। অন্যদের তো এ সমস্যা ছিল না।’