বিএনপির সঙ্গে সরকারের সংলাপে বসা উচিত
চলমান রাজনৈতিক সংকট উত্তরণের সূত্র খুঁজে বের করতে বিএনপির সঙ্গে সরকারের সংলাপে বসা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ।আজ শুক্রবার রাজধানীর শ্যামপুর থানা সংলগ্ন খোলা মাঠে শ্যামপুর থানা জাতীয় পার্টি (জাপা) আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর এ মন্তব্য করেন।কাজী জাফর আহমেদ বলেন, সরকার পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের ফলে স্বাভাবিক প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। এ কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি হচ্ছে এবং রাস্তায় রাস্তায় খণ্ডযুদ্ধ শুরু হয়েছে। জাপার এই জ্যেষ্ঠ নেতা বলেন, একদিকে সর্বগ্রাসী অর্থনৈতিক সংকট, আরেকদিকে চরম রাজনৈতিক অস্থিরতা। এ দুই সংকটের সমাধানে সরকারের যথেষ্ট ঘাটতি রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে দেশের ভবিষ্যত্ শুভ নয়।শ্যামপুর থানা জাপার সভাপতি ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন বক্তব্য দেন।