বিএনপির সঙ্গেই থাকছে জামায়াত হরতালও করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির হরতাল ও গণঅবস্থান কর্মসূচিতে সমর্থন জানিয়েছে চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। জামায়াত বলেছে, তারা ‘জনদুর্ভোগ কমাতে’ হরতালও করবে।গতকাল রোববার রাতে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এ কথা জানান। তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে জামায়াতের অংশগ্রহণ কামনা করে খালেদা জিয়ার আগের রাতের আহ্বানের পরিপ্রেক্ষিতে দলটির নির্বাহী পরিষদ বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়।শনিবার রাতে খালেদা জিয়া জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করে তাঁদের কর্মসূচিতে দলটির সম্পৃক্ততা কামনা করেন।মুজাহিদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সর্বসম্মত ঐকমত্যে এসেছে যে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও জোরালোভাবে আন্দোলন হওয়া দরকার।’জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে। তার সঙ্গে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেগুলোর ব্যাপারেও সমর্থন থাকবে। মুজাহিদ বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো, বিএনপির পক্ষ থেকে ৯ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যে গণঅবস্থান ঘোষণা করা হয়েছে, সে কর্মসূচিতে জামায়াত অংশ নেবে।’মুজাহিদ ২৭ তারিখের হরতালের প্রতি সমর্থন প্রকাশ করে এর সাফল্য কামনা করেন।কী কারণে হরতাল দিচ্ছেন—জানতে চাইলে মুজাহিদ অন্যান্য কারণের সঙ্গে জনদুর্ভোগ কমানোর কথা বলেন। হরতাল জনদুর্ভোগ কমাবে কি না—জানতে চাইলে তিনি বলেন, কমবে কি কমবে না, সেটা বড় কথা নয়। সংবিধানসম্মত আন্দোলনের একটি প্রক্রিয়ার নাম হরতাল।বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিরোধী দল হরতাল ডাকলে জামায়াত অভিযোগ করেছে, বিরোধী দল দেশকে অস্থিতিশীল করতে চায় বলে হরতাল করে। এখন জামায়াত কী বলবে—জানতে চাইলে মুজাহিদ সরাসরি জবাব এড়িয়ে গিয়ে বলেন, ‘আমাদের কথা ছিল আওয়ামী লীগ শুরুতেই হরতাল দিয়েছে। ১৭ মাসে তারা ১৬টি হরতাল করেছে।’