বিএনপির সব কর্মসূচি তারেককে ঘিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে দলের সাংগঠনিক শক্তি নিরূপণ ও সমমনাদের চিহ্নিত করতে বিএনপির ছয় দফা কর্মপরিকল্পনার অগ্রগতি সন্তোষজনক নয়। দলটির বিভিন্ন কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্বে থাকা নেতারা এ কথা জানিয়েছেন।নেতারা জানান, বিগত কাউন্সিলের আগে তৃণমূল বিএনপির কোন্দল মেটাতে ব্যর্থ হওয়া এবং সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে পড়ায় দল পুনর্গঠনের মতো সবচেয়ে জরুরি কাজটি মুখ থুবড়ে পড়েছে। তা ছাড়া তারেক রহমানকে নিয়ে দলের একটি অংশের অতি উৎসাহী কর্মকাণ্ডের কারণে বিএনপির মূল কাজগুলো আড়ালে চলে গেছে।সূত্র জানায়, চেয়ারপারসনের নির্দেশে কেন্দ্রীয়ভাবে নেওয়া পরিকল্পনাগুলো হলো, কমিটি পুনর্গঠন ও কোন্দল নিরসন, কেন্দ্র থেকে উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন ইস্যুতে সভা, সমাবেশ ও মিছিল অনুষ্ঠান, সংসদে গিয়ে সরকারের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখা, কেন্দ্রীয় নেতাদের দেশব্যাপী সাংগঠনিক সফর, ভারতবিরোধী, ধর্মভিত্তিক ও সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ করা এবং ইউনিয়ন প্রতিনিধি সভাবিষয়ক কর্মসূচি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, দলীয় নেতারা বিএনপির পুনর্গঠনসহ বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। তবে বড় দলের অনেক সমস্যা থাকে। কিছু কাজ হয়তো যথাসময়ে বাস্তবায়িত হয়নি।তৃণমূলে কোন্দল, সভা হচ্ছে না: সম্প্রতি বগুড়া ও টাঙ্গাইলে বিএনপির সমন্বয় সভায় হট্টগোল করেন স্থানীয় বিএনপির নেতারা। বিগত কাউন্সিলের আগে পদ-পদবি নিয়ে সৃষ্ট কোন্দলের কারণে বিবদমান পক্ষগুলোর সঙ্গে এখন প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে। ওই সময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন নিজের পছন্দমতো ব্যক্তিকে আহ্বায়ক কমিটিতে স্থান দিয়েছেন—প্রথম আলোর কাছে এমন অভিযোগ করেন দুই জেলার পদ না পাওয়া নেতারা।সমন্বয় সভা করার দায়িত্বপ্রাপ্ত বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, ওই সময় বিভিন্ন জেলায় সংস্কারপন্থী উল্লেখ করে দলের অনেক ত্যাগী নেতাকে পদবঞ্চিত করা হয়। কিন্তু দলীয় চেয়ারপারসন সবাইকে নিয়ে দল পরিচালনায় আগ্রহী হওয়ায় পদ না পাওয়া ওই সব নেতা হয় নিষ্ক্রিয় থাকছেন, নয়তো পদের দাবিতে একটি পক্ষ নিয়ে কোন্দল সৃষ্টি করছেন।তারেককে নিয়ে নানা কর্মকাণ্ড, দলের মধ্যেই বিরূপ প্রভাব: বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, তারেক রহমানের ভাবমূর্তি যাদের কারণে খারাপ হয়েছে তারাই এখন ভাবমূর্তি উজ্জ্বল করতে নানা কর্মকাণ্ড পালন করছেন। ওই নেতারা বলেন, এর কারণে তারেকের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।ওই নেতারা বলেন, হাওয়া ভবনে তখন এসব নেতা সব সময় তারেককে ঘিরে থাকতেন। এখন আবার তাঁরা নিজেদের অবস্থান ঠিক করতে কর্মসূচি দিচ্ছেন। এসব কর্মসূচির সঙ্গে বিএনপির তৃণমূলের নেতারা অন্তর্ভুক্ত হতে পারছেন না। এ জন্য তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তারেককে নিয়ে বই লেখাকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে দলের একজন ভাইস চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘এর দরকার ছিল না। তারেক রহমান নেতা-কর্মীদের কাছে অনেক জনপ্রিয়। এখন যেসব নেতা এ ধরনের কাজ করছেন তাঁদের নিয়ে বিরূপ প্রশ্ন থাকায় বরং তারেকের ক্ষতি হচ্ছে।’বিএনপির নেতারা বলেন, ঐতিহাসিক ৭ মার্চকে ‘তারেকের কারাবন্দী’ দিবস ঘোষণা করা হয়েছে। ‘তারেকের স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস আয়োজনের প্রস্তুতিও নিচ্ছেন এসব নেতা। এ জন্য খুব শিগগির তারেকের স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।এসব কারণে বিএনপির মূল কাজগুলো আড়ালে চলে যাচ্ছে। অথচ সাংগঠনিক শক্তি অর্জনে দল পুনর্গঠন সবচেয়ে জরুরি।কেন্দ্রীয় নেতারা দুই ভাগে বিভক্ত: বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষে আগের দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং অন্য পক্ষে আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বোমা হামলার সঙ্গে খোন্দকার দেলোয়ারের ছেলে আখতার হামিদ ওরফে পবনের সম্পৃক্তার পর বিরোধী পক্ষ সরব হয়ে ওঠে। এ ছাড়া দলের কয়েকটি কর্মসূচিতে খোন্দকার দেলোয়ারকে বাদ দিয়ে খন্দকার মোশাররফকে আহ্বায়ক করার পর সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা জোরালো করেন চেয়ারপারসন। এর পর থেকেই বিভেদ স্পষ্ট হয়ে পড়ে। মহাসচিবের অনুসারী বেশির ভাগ নেতা এখন খন্দকার মোশাররফের সঙ্গে থাকছেন; বিশেষ করে যুগ্ম মহাসচিব আমানউল্লাহ ঢাকা মহানগর বিএনপির সভাপতি হতে মোশাররফ পক্ষের সঙ্গে যোগ দিয়েছেন।খোন্দকার দেলোয়ারের ঘনিষ্ঠ বলে পরিচিত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, মির্জা আব্বাসের মতো নেতারা নিশ্চুপ রয়েছেন।খন্দকার মোশাররফ বলেন, সবাই খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এখানে কোনো পক্ষ নেই। আমানুল্লাহ বলেন, ‘আমরা সবাই বিএনপির রাজনীতি করছি। চেয়ারপারসন যাঁকে যে পদের জন্য যোগ্য মনে করছেন, তাঁকে সেই পদ দিচ্ছেন।’সরকাবিরোধী আন্দোলনে গতি নেই: বিএনপাি চেয়ারপারসন খালেদা জিয়া ভারতের সঙ্গে বর্তমান সরকারের করা চুক্তিগুলোকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। অথচ তা এখন দলটির কাছে গৌণ হয়ে পড়েছে। সমমনা দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা হচ্ছে না। জনমত তৈরিতেও দলের তেমন কার্যক্রম নেই।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা নানা ইস্যুতে কাজ করছি। দল কিছুটা অগোছালো। আশা করি সব ঠিক হয়ে যাবে।’