বিএনপির সভায় চার শিক্ষকের বক্তৃতা দেওয়া নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা বিষয়ে আয়োজিত আলোচনা সভায় গতকাল শনিবার স্থানীয় দুটি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক বক্তৃতা করেন। তাঁদের মধ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামাল আহমদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেছেন।১৯৮৭ সালে প্রণীত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের ৫১(২) ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের রাজনৈতিক মতামত পোষণের স্বাধীনতা থাকবে। তবে তিনি রাজনৈতিক মতামত প্রচার বা নিজেকে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত করতে পারবেন না। একইভাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০৬-এর ৪৬(৫) ধারা অনুযায়ী কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিজেকে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত করতে পারবেন না। কিন্তু রাজনৈতিক দলের সভায় চারজন শিক্ষকের সরাসরি অংশগ্রহণ নিয়ে গতকাল সিলেটে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজেদুল করিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স বিভাগের এম রাশেদ হাসনাত ও ফিশ বায়োলজি অ্যান্ড জেনেটিক বিভাগের চেয়ারম্যান মো. মাহবুব ইকবাল বক্তৃতা করেন।আলোচনা সভার সভাপতি কামাল আহমদ চৌধুরী সাংবাদিকদের কাছে এ বিষয়ে মন্তব্য না করলেও সভাপতির বক্তৃতায় তিনি বলেন, ‘আমার ৩০ বছরের শিক্ষকতা জীবনে ১৫ বছর রাজশাহীতে এবং ১৫ বছর সিলেটে আছি। এভাবে সভায় যেতে আমাকে কেউ বিরত রাখতে পারেনি। আমি এ ধরনের বাধা পেলে আরও দৃঢ় মনোবল নিয়ে সভায় আসি। এ জন্য কোনো শাস্তির খড়্গ নেমে এলে আমি মাথা পেতে দিতে প্রস্তুত।’সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম রাশেদ হাসনাত বিএনপির সভায় অংশগ্রহণ সম্পর্কে বলেন, ‘আমি অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলাম। সেখানে কিছু বিষয়ে মতামত দিয়েছি মাত্র।’শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহউদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিজেই সিদ্ধান্ত নেবেন যে তিনি এমন অনুষ্ঠানে যাবেন কি না। এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘আইন অনুযায়ী একজন শিক্ষক এ ধরনের অনুষ্ঠানে যেতে পারেন না। তবে আমি মনে করি, স্বায়ত্তশাসিত বা বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যদি এ ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পারেন, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঠেকিয়ে লাভ কী?’