বিএনপির সমর্থক ২৫ আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে ভাঙচুরের ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির নেতা বোরহানউদ্দিন, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়াসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দ্রুত বিচার আইনে এ অভিযোগপত্র দাখিল করেন।এদিকে এ মামলায় ২২ আইনজীবী গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। সূত্র জানায়, আগামী শনিবার হাইকোর্ট থেকে জামিনের মেয়াদ শেষ হয়ে যাবে বলে গতকাল জামিনের আবেদন করেন। আদালত ৩ জুন জামিন বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন। এ মামলার প্রধান আসামি ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহানউদ্দিন সাংবাদিকদের বলেন, সমিতির সভাপতিকে অভিযোগপত্রের আসামি করে সমিতির সব আইনজীবীকেই অপমানিত করা হয়েছে। তিনি আরও বলেন, গত ২৮ ও ২৯ মে সমিতির সাধারণ সভায় জ্যেষ্ঠ নেতারা সম্মিলিতভাবে আইনজীবীদের বিরুদ্ধে মামলার বিষয়ে নিন্দা জানিয়েছিলেন। পরে সিদ্ধান্ত হয়েছিল, মহানগর পিপি আবদুল্লাহ আবু ও সাবেক দুই সাধারণ সম্পাদক গাজী শাহ আলম ও কাজী নজিবউল্লাহ মামলা প্রত্যাহারের বিষয়ে সংশ্লিষ্ট মহলে পদক্ষেপ নেবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু এ বিষয়ে বলেন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সভায় তাঁরা একসঙ্গে বসেছিলেন। তবে মামলা প্রত্যাহারের বিষয়ে তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি। অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন: বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, খোরশেদ আলম, ইকবাল হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক জালাল আহমেদ, দপ্তর সম্পাদক এরশাদুল আলম, সাবেক দপ্তর সম্পাদক আবদুল খালেক, ওমর ফারুক ফারুকি, আবদুন নুর ভূঁইয়া, নুরুজ্জামান, জুলফিকার আলী হায়দার, এম মাসুদ রানা, মো. মজিবুর রহমান, খন্দকার দিদারুল ইসলাম, দিদার (ছোট), জ্যাকব, পাপ্পু, নুরুজ্জামান তপন ও হেলাল উদ্দিন। অভিযোগপত্রভুক্ত পলাতক আসামিরা হলেন কামাল হোসেন, সিমকি ইমাম ও শামীমা আক্তার। আইনজীবী বেলাল উদ্দিন, মাহমুদুর রহমান, হেলাল, মনির, ফারদিন, জামাল আলী মিয়া ও মিলনের নাম-ঠিকানা না পাওয়ায় মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে ১১ জনকে সাক্ষী করা হয়েছে। মামলায় আলামত হিসেবে দেখানো হয়েছে জানালার কিছু ভাঙা কাচের টুকরো।অভিযোগপত্রে বলা হয়, বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীরা গত ২২ মে সকাল থেকে রাজনৈতিক কারণে আদালত বর্জন করে কালো পতাকা, ব্যানারসহ আদালত প্রাঙ্গণ ও আশপাশে স্লোগান দিয়ে মিছিল করতে থাকেন। আইনজীবীরা মিছিল করে মহানগর দায়রা জজ আদালত ভবনে প্রবেশ করে বিচারকদের দরজায় লাথি মারেন। মিছিলকারীরা ওই আদালতের নাজির ও প্রশাসনিক কর্মকর্তাদের কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। আসামিরা জেলা ও দায়রা জজ আদালতের তৃতীয় তলার স্টেনোগ্রাফারের অফিসের জানালাও ভাঙচুর করেন।